দেশ

Bengaluru Techie: জমি নিয়ে পড়শির সঙ্গে বিবাদ! বেঙ্গালুরুতে আত্মহত্যা করলেন তথ্যপ্রযুক্তি কর্মী

২০১৮ সালে শশীদের এক আত্মীয়ের কাছ থেকে একটি জমি কেনেন মুরলী। সেই জমিটি শশীদের বাড়ির লাগোয়া।

Truth of Bengal: জমি ও বাড়ি নির্মাণকে কেন্দ্র করে পড়শি এবং পুরসংস্থার কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের দাবির অভিযোগ তুলে আত্মহত্যা করলেন বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি কর্মী। বৃহস্পতিবার নাল্লুরাহল্লি এলাকায় নিজের নির্মীয়মাণ বাড়ির দোতলা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মুরলী গোবিন্দরাজুর-র দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুরলীর দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে ১০ পাতার একটি সুইসাইড নোট। সেখানে তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন, তাঁর পড়শি শশী নাম্বিয়ার এবং উষা দীর্ঘদিন ধরে তাঁকে মানসিকভাবে নির্যাতন করতেন এবং টাকার জন্য চাপ দিতেন। শুধু পড়শিরাই নয়, গ্রেটার বেঙ্গালুরু অথরিটির (জিবিএ) কয়েকজন আধিকারিকও তাঁর কাছ থেকে টাকা দাবি করতেন বলে অভিযোগ।

২০১৮ সালে শশীদের এক আত্মীয়ের কাছ থেকে একটি জমি কেনেন মুরলী। সেই জমিটি শশীদের বাড়ির লাগোয়া। সেখানে বাড়ি তৈরি শুরু হতেই শশী বাধা দেন বলে অভিযোগ। দাবি ওঠে— মুরলী নিয়ম ভেঙে বাড়ি বানাচ্ছেন। জিবিএ-তে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরও করেন শশী, যার পরেই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। মুরলীর পরিবারের দাবি, সমস্যার সমাধান করতে জিবিএ-তে যোগাযোগ করলে সংস্থার আধিকারিকরাই উলটে তাঁর কাছে ২০ লক্ষ টাকা দাবি করেন। অভিযোগ, শশীদের সঙ্গে যোগসাজশ করে ওই আধিকারিকরা বারবার হুমকি দিতে থাকেন। সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়— টাকা না দিলে বাড়ি বানাতে দেওয়া হবে না। চিঠিতে মুরলী লিখেছেন, এই আর্থিক চাঁদা দাবি, হেনস্তা এবং ক্রমাগত চাপ সহ্য করতে না পেরেই তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন।

পরিবারের দাবি, জিবিএ-র আধিকারিকরা বারবার তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিতেন। এই চাপ সামলাতে না পেরেই মুরলী বুধবার সকালে নির্মীয়মাণ বাড়িতে গিয়ে আত্মহত্যা করেন।ঘটনার পর মুরলীর বাড়ির নিকটবর্তী পড়শি শশী, উষা এবং জিবিএ-র কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, হেনস্তা ও চাঁদা দাবির অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মুরলীর মৃত্যুর পর নাল্লুরাহল্লি এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফের সামনে আসায় বিতর্ক আরও গভীর হয়েছে।

Related Articles