Indian Railways: বিশ্বজয়ী ৩ ক্রিকেটার প্রতীকা, স্নেহ ও রেণুকাকে গ্রুপ ‘বি’ গেজেটেড অফিসার পদে পদোন্নতি
এর ফলে তাঁরা পাবেন গ্রুপ ‘বি’ গেজেটেড অফিসারদের সমতুল্য বেতন ও সুযোগ-সুবিধা, সঙ্গে বাড়বে প্রশাসনিক দায়িত্বও।
Truth of Bengal: বিশ্বকাপ জয়ের খেলোয়াড়দের সম্মান জানাল ভারতীয় রেলওয়ে। দুরন্ত ফর্মে ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করা তিন ক্রিকেটার প্রতীকা রাওয়াল, স্নেহ রানা ও রেণুকা সিং ঠাকুরকে রেলে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁরা তিনজনই এবার গ্রুপ ‘বি’ স্পেশাল ডিউটি (স্পোর্টস) অফিসার গ্রেডে উন্নীত হলেন। এর ফলে তাঁরা পাবেন গ্রুপ ‘বি’ গেজেটেড অফিসারদের সমতুল্য বেতন ও সুযোগ-সুবিধা, সঙ্গে বাড়বে প্রশাসনিক দায়িত্বও। রেল কর্তৃপক্ষের দাবি, এ পদক্ষেপ আরও বেশি মেয়েকে ক্রিকেটে আগ্রহী করবে।
এর আগে নভেম্বরে তিন নায়িকাকে সংবর্ধনা জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রতীকা রাওয়াল বর্তমানে পূর্ব রেলের সিনিয়র ক্লার্ক, রেণুকা সিং ঠাকুর পূর্ব রেলের জুনিয়র ক্লার্ক এবং স্নেহ রানা একই বিভাগের টিকিট ক্লার্ক। রেণুকা সিং ঠাকুর ৬ ম্যাচে মাত্র ৩ উইকেট পেলেও পুরো টুর্নামেন্টে অল্প রান দিয়ে দলে নির্ভরতা জুগিয়েছেন। ফাইনালে ৮ ওভারে মাত্র ২৮ রান দিয়ে নজর কাড়েন। গ্রামের মানুষ থেকে স্থানীয় প্রশাসন—সবাই তাঁকে সংবর্ধনা দিয়েছে।প্রতীকা রাওয়াল চোটের কারণে সেমিফাইনাল ও ফাইনালে খেলতে পারেননি।
কিন্তু ততক্ষণে হয়ে উঠেছিলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ ম্যাচে ৩০৮ রান, গড় ৫১.৩৩, সর্বোচ্চ ১২২। ফাইনালে দলে না থাকলেও হুইলচেয়ার থেকে সতীর্থদের সঙ্গে বিশ্বজয়ের আনন্দে মেতেছিলেন।স্নেহ রানা ৬ ম্যাচে ৭ উইকেট এবং ৯৯ রান করে অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়েন।বিশ্বজয়ের পর বিসিসিআই-সহ আরও বিভিন্ন সংস্থা তিনজনকেই আর্থিক পুরস্কার দিয়েছে। ভারতীয় রেলের এই সম্মান তাঁদের কৃতিত্বকে আরও উজ্জ্বল করে তুলল।






