এদেশে আসছেন রুশ প্রেসিডেন্ট, ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন পুতিন
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে তাঁর।
Truth Of Bengal: চলতি সপ্তাহেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু এবং পহেলগাঁও হামলার প্রতিশোধে ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথমবার এ দেশে আসছেন তিনি। আগামী ৪ ও ৫ তারিখ ভারত সফরে এসে ২৩ তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন পুতিন।
এর আগেই অবশ্য ক্রেমলিনের তরফে জানানো হয়েছিল, ডিসেম্বর মাসের চার এবং পাঁচ তারিখ ভারত সফরের কথা রুশ প্রেসিডেন্ট পুতিনের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এদেশে আসছেন তিনি। এই সপ্তাহের শুরুতেই ভারতের বিদেশমন্ত্রক পুতিনের সফরের কথা নিশ্চিত করে। দিল্লি এবং মস্কোর মধ্যে বার্ষিক সম্মেলনে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে তাঁর।
আসন্ন ইন্দো-রুশ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠকের কথা রয়েছে। দুই রাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে সেই বৈঠকে। ‘সুদর্শন চক্র’ এস-৪০০ নিয়ে নয়া চুক্তির বিষয়েও কথা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। ভারত ও রাশিয়া বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে নতুন করে সহযোগিতার বিষয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ভারতীয় বিমান বাহিনীকে আরও দু-তিনটি এস-৪০০ সরবরাহের বিষয়ে প্রস্তাব করতে পারে মস্কো। এই বিষয়ে দিল্লি রাজি হলে রুশ সমরাস্ত্রে নির্ভরতা বাড়বে ভারতের। যদিও গত দশক থেকে রাশিয়ার অস্ত্র আমদানি অনেকাংশ কমেছে। অন্যতম কারণ মোদির আত্মনির্ভর ভারতে জোর।
নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বের সম্পর্ক অবশ্য অনেক পুরনো। গত অক্টোবর মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত জুলাই মাসেও ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। এবার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ভারতে আসছেন পুতিন। পাশাপাশি, ইউক্রেনের সঙ্গে চলতে থাকা যুদ্ধ নিয়েও ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে তাঁর।






