কলকাতা

বাংলা থেকে কত কোটি জিএসটি তুলেছে কেন্দ্র? হিসাব দিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক

এই ইস্যুতে বিজেপিকে ফের 'বাংলা বিরোধী', 'জমিদারের দল' আক্রমণ করেন অভিষেক।

Truth Of Bengal: সাত বছরে মোট ৬,৫০,১২৫ কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গিয়েছে কেন্দ্রের সরকার। তারপর‌ও বাংলার প্রায় ২ লক্ষ কোটি টাকা এখনও বকেয়া। বাংলার প্রাপ্য টাকা কবে দেবে কেন্দ্রের সরকার— আবারও এই প্রশ্ন তুললেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে বিজেপিকে ফের ‘বাংলা বিরোধী’, ‘জমিদারের দল’ আক্রমণ করেন অভিষেক।

গত সাত বছরে জিএসটি বাবদ বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছে কেন্দ্র তার পরিসংখ্যান তুলে ধরে অভিষেক বলেন, ২০১৭-১৮ সালে ৬৩ হাজার ৪০৭ কোটি টাকা, ২০১৮-১৯ সালে ৮৪ হাজার ৪১৯ কোটি টাকা, ২০১৯-২০ সালে ৮৪ হাজার ১৫ কোটি টাকা, ২০২০-২১ সালে ৮০ হাজার ৪ কোটি টাকা, ২০২১-২১ সালে ১ লক্ষ ১ হাজার ৬৭৩ কোটি টাকা, ২০২২-২৩ সালে ১ লক্ষ ১৩ হাজার ৬২১ কোটি টাকা, ২০২৩-২৪ সালে ১ লক্ষ ২২ হাজার ৯৮৮ কোটি টাকা নিয়ে গেছে কেন্দ্র। অভিষেক বলেন, ‘সাত বছরে বাংলার মাটি থেকে বাংলা বিরোধী জমিদারের সরকার ৬ লক্ষ ৫০ হাজার ১২৫ কোটি টাকা তুলে নিয়ে গেছে, তারপরও বাংলার প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। আদালত বলার পরও ১০০ দিনের টাকা দেয়নি। আসলে ওরা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাকে গলা টিপে মারা, ভাতে মারা এটাই ওদের লক্ষ্য।’

এখানেই থেমে থাকেননি অভিষেক। তিনি নোট বন্দির প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘নোটবন্দির সময় মোদির কোনও মন্ত্রী লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিয়েছিল? টাকার লাইনে দাঁড়িয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। তার দায় কে নেবে? প্রধানমন্ত্রী বলেছিলেন, কালো টাকা উদ্ধার হবে, মানুষের অ্যাকাউন্টে পাঠানো হবে সেই টাকা। কোথায় সে সব প্রতিশ্রুতি?’ বাংলার প্রতি এই ভাবে বঞ্চনা চলছে বলে দাবি করেন অভিষেক। এদিকে, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বাংলা জয়ের জন্য এখনই লক্ষ্যমাত্রা ঠিক করেছেন বিজেপি। এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘বিগত কয়েকটি নির্বাচনে বাংলার মানুষ দেখেছেন বিজেপির ভাঁওতা প্রতিশ্রুতি। তাই একুশের মতো এবারেও ওদের বাংলা দখলের স্বপ্ন অধরায় থাকবে।’

Related Articles