ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল-সোনিয়ার বিপদ আরও বাড়ল
নতুন এফআইআরে উল্লেখ করা হয়েছে, অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান এবং ডটেক্স মার্চেন্ডাইস নামের তিনটি সংস্থাকেও অভিযোগের আওতায় আনা হয়েছে।
Truth Of Bengal: রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এবার শুধুমাত্র আর্থিক প্রতারণার অভিযোগ নয়, ক্রিমিনাল ষড়যন্ত্রের অভিযোগও দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন এফআইআরে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, স্যাম পিত্রোদা-সহ মোট ছ’জনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
নতুন এফআইআরে উল্লেখ করা হয়েছে, অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান এবং ডটেক্স মার্চেন্ডাইস নামের তিনটি সংস্থাকেও অভিযোগের আওতায় আনা হয়েছে। অভিযোগের বিস্তারিত অনুযায়ী, ডটেক্স মার্চেন্ডাইস প্রাইভেট লিমিটেড একটি শেল কোম্পানি, যার মাধ্যমে ১ কোটি টাকা ইয়ং ইন্ডিয়ানের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এরপর সেই অর্থের ৫০ লক্ষ টাকা ব্যবহার করে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সব সম্পত্তি দখল করে নিয়েছে ইয়ং ইন্ডিয়ান।
যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তবে রাহুল গান্ধী ও সোনিয়ার জন্য গুরুতর বিপদ তৈরি হতে পারে। এমনকি মামলায় দোষী সাব্যস্ত হলে রাহুলদের সাংসদ পদও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি তদন্ত শুরু করে। মামলাটি বিজেপি নেতা সুব্র্যহ্মণম স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে খোলা হয়েছিল। অভিযোগ ছিল, অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ২০০০ কোটি টাকার সম্পত্তি বেআইনিভাবে দখল করেছে ইয়ং ইন্ডিয়া, যেখানে শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া ও রাহুল গান্ধী।
প্রসঙ্গত, মামলার শুরু থেকেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের নাম জড়িত রয়েছে। এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুলদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং ন্যাশনাল হেরাল্ডের অফিসেও তল্লাশি চালানো হয়েছে। তবে এখনও কংগ্রেসের কোনো শীর্ষ নেতা গ্রেপ্তার হননি। কংগ্রেস সবসময় এই তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে অভিহিত করেছে।






