Kochi: শুভ লগ্নে বিয়ে দিতে হাসপাতালই হলো মণ্ডপ, মেরুদণ্ডে আঘাত নিয়েই সাতপাকে বাঁধা পড়লেন
হাসপাতালের মুখপাত্র জানান, চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার পর হাসপাতাল কর্তৃপক্ষ ইমার্জেন্সি বিভাগেই বিয়ের আয়োজন করে।
Truth of Bengal: এক বিরল ও আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল কোচির একটি বেসরকারি হাসপাতাল। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কনের সঙ্গেই হাসপাতালের ইমার্জেন্সি রুমে সাতপাকে বাঁধা পড়লেন বর। শুক্রবার শুভ লগ্নেই সম্পন্ন হলো এই অভিনব বিবাহ অনুষ্ঠান। আলাপুঝার কুমাদির বাসিন্দা অবনীর সঙ্গে থুম্বোলির বাসিন্দা ভি এম শ্যারনের বিয়ে শুক্রবার দুপুরে থুম্বোলিতে হওয়ার কথা ছিল। কিন্তু এদিন ভোরে কনের সাজের জন্য কুমারাকোমে যাওয়ার পথে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হন অবনী। স্থানীয়রা তাঁকে কোট্টায়াম মেডিক্যাল কলেজে নিয়ে যান।
অবনী মেরুদণ্ডে আঘাত পাওয়ায় তাঁকে বিশেষ চিকিৎসার জন্য দুপুরের দিকে এর্নাকুলামের ভি পি এস লেকশোর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দ্রুত বর শ্যারন এবং তাঁর পরিবারও হাসপাতালে পৌঁছান। বিয়ের ‘মুহূর্তম’ (শুভ সময়) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে নির্ধারিত ছিল। উভয় পরিবারই সময়ের মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
হাসপাতালের মুখপাত্র জানান, চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার পর হাসপাতাল কর্তৃপক্ষ ইমার্জেন্সি বিভাগেই বিয়ের আয়োজন করে। কনের যাতে কোনো অতিরিক্ত কষ্ট না হয়, তা নিশ্চিত করেই বর শ্যারন তাঁর গলায় ‘তাঁলি’ (পবিত্র হলুদ সুতো) পরিয়ে দেন। ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং ঘনিষ্ঠ আত্মীয়দের সাক্ষী রেখে শুভ লগ্নেই সম্পন্ন হয় বিবাহ অনুষ্ঠান হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডাঃ সুধীশ করুণাকরণ জানিয়েছেন, অবনীর মেরুদণ্ডে আঘাত লেগেছে এবং শীঘ্রই তাঁর অস্ত্রোপচার করা হবে। এই চরম পরিস্থিতিতেও ভালোবাসার এই বন্ধন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সকলে।






