দেশ

শাড়ি নিয়ে অশান্তি, বিয়ের এক ঘণ্টা আগে প্রেমিকাকে খুন হবু স্বামীর

পুলিশ সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে লিভ–ইন সম্পর্কেই থাকছিলেন সজন ও সোনি।

Truth Of Bengal: বিয়ের ঠিক এক ঘণ্টা আগে লিভ–ইন সঙ্গীকে নির্মমভাবে খুন। এমনই ঘটনা ঘটেছে গুজরাটের ভাবনগরে। এই  ঘটনায়  ছড়িয়েছে  তীব্র চাঞ্চল্য। টেকরি চক সংলগ্ন প্রভুদাস লেক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় ২৫ বছরের সোনি হিম্মত রাঠোরের রক্তাক্ত দেহ। অভিযুক্ত তাঁর হবু স্বামী সজন বরাইয়া, যিনি ঘটনার পর থেকেই পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে লিভ–ইন সম্পর্কেই থাকছিলেন সজন ও সোনি। দুই পরিবারেরই আপত্তি সত্ত্বেও তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। শনিবার রাতেই ছিল বিয়ের অনুষ্ঠান। সাজগোজ চলাকালীন শুরু হয় অশান্তি। শাড়ি নিয়ে মতবিরোধ, পরে তা টাকাপয়সা ও দেনাপাওনা নিয়ে তর্কে পরিণত হয়।

পুলিশের অভিযোগ, উত্তেজিত হয়ে সজন লোহার পাইপ দিয়ে সোনিকে আঘাত করেন এবং পরে তাঁর মাথা বারবার দেওয়ালে ঠুকে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। খুনের পর ঘর ভাঙচুর করে বাড়ি থেকে পালিয়ে যান সজন। চমকে যান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় সোনিকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

ডেপুটি এসপি আর আর সিংঘল জানিয়েছেন, শাড়ি ও টাকা নিয়ে তর্কের সময়ই সজন সোনিকে মারতে শুরু করে। পরে হত্যার উদ্দেশ্যেই মাথা দেওয়ালে ঠুকেছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।সূত্রের খবর, সজন ওইদিন স্থানীয় এক প্রতিবেশীর সঙ্গেও ঝামেলায় জড়ান এবং তাঁকে মারধর করেন। এ ঘটনায় দুটি পৃথক এফআইআর দায়ের হয়েছে।অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভয়াবহ এই ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।