দেশ

মিলল না জামিন, ভোটের সময় জেলেই কাটাতে হবে কেজরিওয়ালকে

Kejriwal will have to spend in jail during the polls

The Truth of Bengal: সুপ্রিম কোর্টে আবেদন করেও জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার মামলার শুনানিতে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেনি শীর্ষ আদালত। আগামী ২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিনে ভোট শুরু হয়ে যাবে। নির্বাচন শুরু হয়ে গেলেও তাই জেলেই থাকতে হবে কেজরিকে।

গত ২১ মার্চ ইডি-র হাতে গ্রেফতার হন আপ সুপ্রিমো। তারপর ইডি হেফাজত থেকে তাঁকে পাঠানো হয় তিহার জেলে। সেখান থেকেই সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচার থেকে আপ প্রধানকে দূরে গ্রেফতার করেছে ইডি। সোমবার শুনানিতে আদালতে এই কথা বলেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। জামিনের প্রার্থনা করে দায়ের করা মামলায় এদিন কোনও রায় দেয়নি দেশের শীর্ষ আদালত। ফলে জামিন মিলল না কেজরির।

লোকসভা নির্বাচন শুরু হয়ে যাবে আগামী ১৯ এপ্রিল। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল। কেজরির মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৯ এপ্রিল। তাই স্বাভাবিক ভাবেই প্রথম দু’দফার ভোটে জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। এই মামলায় পরবর্তী শুনানির আগে গ্রেফতারি প্রসঙ্গে ইডি-র কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে।

Related Articles