বিনোদন

Palak Muchhal: ৩,৮০০-রও বেশি শিশুর হার্ট সার্জারি, গিনেসে নাম, মানবতার প্রতীক পলক মুচ্ছল

মাত্র সাত অথবা আট বছর বয়সে ট্রেনে ভ্রমণের সময় দুস্থ শিশুদের কষ্ট দেখে তাঁর মন কেঁদে ওঠে। সেই দিনই তিনি নীরবে প্রতিজ্ঞা করেন যে একদিন তিনি এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন।

Truth of Bengal: নিজের সুরে অসংখ্য ভক্তকে মুগ্ধ করার পাশাপাশি, মানবসেবার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী পলক মুচ্ছল। তাঁর ঐকান্তিক উদ্যোগে এ পর্যন্ত ৩,৮০০-রও বেশি দুঃস্থ শিশুর হৃদরোগের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এই মহৎ কাজের জন্য তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ নিজের নাম নথিভুক্ত করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। খুব অল্প বয়স থেকেই সমাজসেবার প্রতি পলকের ছিল গভীর টান। মাত্র সাত অথবা আট বছর বয়সে ট্রেনে ভ্রমণের সময় দুস্থ শিশুদের কষ্ট দেখে তাঁর মন কেঁদে ওঠে। সেই দিনই তিনি নীরবে প্রতিজ্ঞা করেন যে একদিন তিনি এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন। এই সংকল্পই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

কার্গিল যুদ্ধের সময় আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় নেমে গান গেয়ে ২৫ হাজার টাকা সংগ্রহ করেছিলেন পলক। সেই বছরেই ঘুর্ণিঝড় বিধ্বস্ত ওড়িশার ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ত্রাণ পাঠান তিনি। এরপর এক স্কুল পড়ুয়ার হার্ট সার্জারির জন্য গান গেয়ে ৫১ হাজার টাকা তুলেছিলেন। তাঁর এই মানবিক প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বিনা মূল্যে ওই শিশুর অস্ত্রোপচার করেন। এই ঘটনাই পলককে ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’ (Palak Palash Charitable Foundation) প্রতিষ্ঠা করতে উৎসাহিত করে, যার মাধ্যমে শুরু হয় বহু শিশুর হার্ট সার্জারি করানোর এক দীর্ঘ যাত্রা। পলক মুচ্ছল তাঁর গানের কনসার্টগুলিকে শুধুমাত্র দুঃস্থ শিশুদের চিকিৎসার জন্যই উৎসর্গ করেছেন। বলিউডের একাধিক সুপারহিট গানের গায়িকা হয়েও, তাঁর কাছে প্রতিটি কনসার্টই হলো আরও কিছু শিশুর জীবনে আশার আলো জ্বালানোর সুযোগ। এই অসামান্য মানবিকতার ফলস্বরূপ, প্রথম কোনও বলিউড গায়িকা হিসেবে পলক মুচ্ছলের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিল।

তাঁর কণ্ঠের মাধুর্য যেমন শ্রোতাদের মন জয় করেছে, তেমনই তাঁর নিঃস্বার্থ উদ্যোগ হাজার হাজার শিশুর জীবন বাঁচিয়ে দিয়েছে। পলক মুচ্ছলের এই কৃতিত্ব নিঃসন্দেহে শিল্পী মহলে এক নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

Related Articles