India Beats Pakistan: অভ্যাস বদলালো না! ডার্কওয়ার্থ লুইসে পাকিস্তানকে ২ রানে হারিয়ে দিল দীনেশ কার্তিকের ভারত
শুক্রবার মং ককে পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হল দীনেশ কার্তিকের ভারতীয় দল।
Truth of Bengal: ভারতের কাছে পরাজিত হওয়াটা এই মুহূর্তে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে পাকিস্তানের। স্থান-কাল-পাত্র বদলালেও একই ফল। আরও একবার তেমনটাই দেখা গেল হংকং সিক্সের ম্যাচে। শুক্রবার মং ককে পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হল দীনেশ কার্তিকের ভারতীয় দল।
হংকং সিক্সের ম্যাচে এদিন টস জেতে পাকিস্তান। ব্যাটিং-এর সুযোগ দেওয়া হয় টিম ইন্ডিয়াকে। দুই ওপেনার রবিন উথাপ্পা এবং ভারত চিপলি শুরুর থেকেই ঝড় তোলেন। উথাপ্পার ১১ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংসে ২টি চার, ৩টি ছয়। মহম্মদ শেহজাদের বলে তিনি প্যাভিলিয়নে ফেরেন। এরপর আবদুল সামাদের বলে আউট হন চিপলি, ২৪ রান করে। এরপর ব্যাটিং-এর হাল ধরেন অধিনায়ক দীনেশ কার্তিক। ৬ বলে ১৭ রান করেন তিনি। ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি মেরে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ভারতীয় দলে ছিলেন স্টুয়ার্ট বিনি, অভিমন্যু মিঠুনের মতো তারকাও। যদিও রান পাননি তাঁরা। বিনি ৪ এবং মিঠুন ৬ রানে সাজঘরে ফেরেন। ৬ ওভারে ভারত তোলে ৪ উইকেটে ৮৬। পাকিস্তানের হয়ে শেহজাদ ২টি এবং সামাদ নেন ১ উইকেট।
হংকং সিক্সের ম্যাচের দ্বিতীয় ইনিংসেই ধুঁয়াধার বোলিং শুরু করে ভারত। ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন পাক বাহিনীর মাজ সাদাকাত। তবে কিছুটা হলেও লড়াই করেন খাজা মহম্মদ (১৮) এবং আবদুল সামাদ (১৬)। এর পরই বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা। খেলা বন্ধ হওয়ার আগে পাকিস্তানের রান ছিল ৩ ওভারে ১ উইকেটে ৪২। যা ভারতের থেকে ২ রান কম। ডাকওয়ার্থ লুইসে ২ রানে জয় পেয়ে যায় টিম ইন্ডিয়া।
এবারের হংকং সিক্সে পাকিস্তান তরুণ ব্রিগেডকে পাঠিয়েছে। সামনেই এমার্জিং এশিয়া কাপ, তার প্রস্তুতির কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের পাঠিয়েছে পাক ক্রিকেট বোর্ড। তাদেরকেও হারিয়ে দিলেন ভারতের অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা।






