সরকারি চাকরির পরীক্ষায় কারচুপি রুখতে এবার ওএমআর শিট থাকবে প্রার্থীর হাতেই, বড় ঘোষণা শুভেন্দুর
মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে প্রশাসনিক মহল
Truth of Bengal: সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’-এর উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে সরকারি চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীরা যে ওএমআর শিটে উত্তর লিখবেন, সেই শিটের কপি তাঁরা বাড়ি নিয়ে যেতে পারবেন। নিয়োগ পরীক্ষায় কারচুপি রুখতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক মহলের মত। তৃণমূল আমলে সরকারি চাকরিতে নিয়োগ ঘিরে দুর্নীতি, স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগ বারবার সামনে এসেছে। বিশেষ করে শিক্ষক নিয়োগ এবং পুর নিয়োগ দুর্নীতি রাজ্য রাজনীতিতে বড় বিতর্কের জন্ম দিয়েছিল। সেই বিতর্কের কেন্দ্রে ছিল ওএমআর শিটে কারচুপির অভিযোগ। অভিযোগ, নম্বর বদল, মূল্যায়নে গরমিল এবং অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে ওএমআর ব্যবস্থাকে ব্যবহার করা হয়েছিল। আদালতের নথিতেও ওএমআর সংক্রান্ত অনিয়মের প্রসঙ্গ উঠে এসেছে।
এই প্রেক্ষাপটেই নতুন সরকার নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকেই স্বচ্ছতার বার্তা দিতে চাইছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারি চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীরা যত নম্বরের উত্তর লিখবেন, তার প্রমাণ তাঁদের হাতেই থাকবে। ফলে পরবর্তীতে ফলাফল বা মূল্যায়ন নিয়ে কোনও প্রশ্ন উঠলে পরীক্ষার্থীরা নিজেদের ওএমআর শিট মিলিয়ে দেখতে পারবেন।এদিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। লিখিত পরীক্ষায় বেশি গুরুত্ব দিয়ে মৌখিক পরীক্ষার নম্বর কমানোর পক্ষেও তিনি সওয়াল করেন। তাঁর মতে, নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত প্রভাব বা পক্ষপাতিত্ব কমাতে লিখিত মূল্যায়নকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এর আগেও শিয়ালদহের রোজগার মেলা থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পরীক্ষার্থীদের হাতে কার্বন কপি দেওয়া উচিত। তাঁর বক্তব্য ছিল, এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়া হত না। আর সেখান থেকেই দুর্নীতি ও স্বজনপোষণের সুযোগ তৈরি হত। সোমবার নন্দীগ্রামের মঞ্চ থেকে সেই প্রতিশ্রুতিই কার্যত বাস্তবায়নের ঘোষণা করলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, নিয়োগ দুর্নীতির কালিমা মুছে সরকারি পরীক্ষায় আস্থা ফেরানোই এখন নতুন সরকারের বড় লক্ষ্য। ওএমআর শিট পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।






