ফের তৃণমূলের পথে বিজেপি! SIR নিয়ে শিলিগুড়িতে হেল্পডেস্ক শঙ্কর ঘোষের
ফর্ম সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, "অনেকেই আছেন যাঁরা বুঝতে পারছেন না। সংশয় আছে কিছু লোকের।
Truth Of Bengal: ফের তৃণমূলের পথে হাটলো বিজেপি। এসআইআর সংক্রান্ত কাজ নিয়েও গেরুয়া শিবির অনুসরণ করল ঘাসফুল শিবিরকে। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিলির কাজ। এই ব্যাপারে যদি কারোর কোনও সংশয় থাকে, তা দূর করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বসলেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় এসআইআর হেল্প ক্যাম্পে। পাশাপাশি, কটাক্ষ করলেন তৃণমূলকেও।
শঙ্কর ঘোষ বলেন, “কৌতুহল আছে সাধারণ মানুষের মধ্যে এসআইআর নিয়ে। এই প্রক্রিয়া ভোটার-বান্ধব। আমি মানুষকে সব বোঝাতে এখানে বসেছি।” এর সঙ্গে ফর্ম সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “অনেকেই আছেন যাঁরা বুঝতে পারছেন না। সংশয় আছে কিছু লোকের। এনুমারেশন ফর্মে কোথায় কি লিখতে হবে কমিশনের নির্দেশ মেনে, তা আমি বুঝিয়ে দিচ্ছি সাধারণ মানুষকে। কঠিন কিছু নয় এটা।”
এরপরই শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শঙ্কর ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস শুধু ভয় দেখাচ্ছে জনতাকে। ওরা ভুল বোঝাচ্ছে এসআইআর নিয়ে। মানুষ যাতে ভয় না পান বা তাঁদের কাছে ভুল বার্তা যাতে না যায়, তাই আমি নিজে এখানে আছি। বলতে চাই যে সবরকম সহায়তা করা হবে এসআইআর নিয়ে চিন্তা না করে এই ক্যাম্পে এলে। আমার কাছে ফোন নাম্বার আছে বিএলওদেরও। যদি কোন অসুবিধে হয় কারোর, তাহলে আমরা দিয়ে দেবো সেই নম্বর। কথা বলে নিতে পারেন সরাসরি।”
ঘাসফুল শিবিরকে আক্রমণ করে শঙ্কর ঘোষ আরও বলেন, “ওরা বলছে আন্দোলন হবে যদি বৈধ ভোটারদের নাম বাদ যায়। কিন্তু কেন বাদ যাবে বৈধ ভোটারদের নাম? তাঁদের তো কোনও চিন্তা নেই। ওদের যেটা বক্তব্য, সেটা হলো যে যারা অবৈধ, তাদের নামও বাদ দেওয়া যাবে না। কেন আমরা আশ্রয় দেবো অবৈধ লোকেদের? উদ্বাস্তুদের নাগরিকত্বের দায়িত্ব কেন্দ্রের। এখানে থাকবেন হিন্দু উদ্বাস্তুরা।”






