বাঁকুড়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ! একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ
কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকুঞ্জিডাঙায় গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। আর তাতে গুরুতর জখম হলেন একই পরিবারের তিন সদস্য। দগ্ধ অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: কাজ থেকে ফেরার পথে নৃশংসতা, সুবর্ণপুরে তরুণীকে গণধর্ষণ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারের কর্তা জগন্নাথ পাল পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাক্তন সেনাকর্মী। তাঁর সঙ্গে একই বাড়িতে থাকেন প্রয়াত দাদার স্ত্রী সবিতা পাল এবং জামাই কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সঞ্জয় কুণ্ডু। শুক্রবার রাতে সবিতা দেবী রান্না করার সময় গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে নতুন সিলিন্ডার লাগাতে যান। সেই সময় অসাবধানতাবশত প্রচুর গ্যাস লিক হয়ে রান্নাঘর ভরে যায়। তাঁকে সাহায্য করতে ঘরে আসেন জগন্নাথ পাল ও সঞ্জয় কুণ্ডু।গ্যাস লিক হয়েছে বুঝতে না পেরে তাঁরা যখন ওভেন জ্বালাতে যান, তখনই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা রান্নাঘর।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
আগুনে পুড়ে যায় ঘরের দরজা, জানালা, ফ্রিজ ও অন্যান্য আসবাবপত্র। তিনজনই গুরুতরভাবে দগ্ধ হন।স্থানীয়রা তাঁদের চিৎকার শুনে ছুটে এসে দমকল ও পুলিশে খবর দেন। বিষ্ণুপুর দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক—কারও শরীরের ৮০ শতাংশ, কারও ৭০ শতাংশ, আবার কারও ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গিয়েছে।রাতেই আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় বিধায়ক ও কাউন্সিলর। তাঁরা আহতদের পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সাহায্য করার আশ্বাস দেন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার লাগানোর সময় অসতর্কতাজনিত লিক থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।






