এসআইআর ঘোষণার পরেই সিইও দফতরের ওয়েবসাইট ক্রাশ
আপাতত সাধারণ নাগরিকদের জন্য ওয়েবসাইটটি অচল হয়ে পড়েছে।
Truth Of Bengal: রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ঘোষণার পর থেকেই তীব্র সমস্যায় পড়েছে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। সোমবার সকালে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ সিইও-র ওয়েবসাইটে ‘ভিজিট’ করার চেষ্টা করায় পুরো পোর্টালই ‘ক্র্যাশ’ করে যায়। ফলে আপাতত সাধারণ নাগরিকদের জন্য ওয়েবসাইটটি অচল হয়ে পড়েছে।
ঘোষণার পরপরই বহু মানুষ ২০০২ সালের ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজতে গিয়ে সিইও ওয়েবসাইটে লগইন করতে শুরু করেন। কিন্তু সেই অতিরিক্ত লোড শেষ পর্যন্ত সামলাতে পারেনি সার্ভার। জানা গিয়েছে, ওই ওয়েবসাইটের সার্ভার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার।
রাজ্য নির্বাচন দফতরের তরফে ইতিমধ্যেই এনআইসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে সমস্যার সমাধান করতে। ওয়েবসাইট অচল হয়ে পড়ায় প্রশাসনিক কাজও বিপর্যস্ত। সূত্রের খবর, জেলার প্রশাসনিক দফতরগুলিতে ২০০২ সালের ভোটার তালিকার পিডিএফ পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে ‘সার’ প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও প্রশ্ন উঠছে।






