Uncategorizedখেলা

রঞ্জিতে নাগাল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে নজির ইমলিওয়াতির

মঙ্গলবার যখন তিনি সাজঘরে ফিরলেন তখন তাঁর সংগ্রহ ১৪৬ রান।

Truth Of Bengal: বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে রঞ্জি ট্রফির ম্যাচে তামিলনাড়ুর প্রতিপক্ষ নাগাল্যান্ড। সেই ম্যাচে ব্যাট হাতে দক্ষিণের দলটির বিপক্ষে দুরন্ত পারফরম্যান্স করলেন পেশায় পিটি শিক্ষক ইমলিওয়াতি লেমতুর। মঙ্গলবার যখন তিনি সাজঘরে ফিরলেন তখন তাঁর সংগ্রহ ১৪৬ রান। নাগাল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি।

এবার শোনা যাক উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য থেকে উঠে আসা এই শিক্ষকের ক্রিকেটার হওয়ার রূপকথার কাহিনী। সালটা তখন ২০১১। ভারত দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয় করেছে। এবং সেই জয়ের আনন্দেই ক্রিকেটকে ভালবেসে ফেলেছিলেন আজকের ইমলিওয়াতি। তারপর থেকে ক্রিকেটের ব্যাট হাতে স্বপ্ন দেখা শুরু তাঁর। কিন্তু প্রথম অবস্থায় তাঁর কোনও কোচ ছিল না। টেলিভিশনের পর্দায় চোখ রেখেই ক্রিকেট অনুশীলন করে আজকে এই জায়গায় পৌঁছছেন নাগাল্যান্ড ক্রিকেটার।

ধীরে ধীরে ধীরে ধীরে যুবক হয়ে ওঠা ইমলিয়াতি এরপর শারীর শিক্ষার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ডিমাপুরের হোম অ্যাকাডেমিতে। তবুও ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা এতটুকু কমেনি। বরঞ্চ নিজের রাজ্যের হয়ে খেলার জন্য স্কুলের কাছে ছুটির আবেদন করেছিলেন তিনি। মিলেও গিয়েছিল ছুটি। এবং রাজ্যের হয়ে খেলে এসে তিনি যে চাকরি ফিরে পাবেন, তাও জানানো হয়েছিল তাঁকে।

এরপর মঙ্গলবার সেঞ্চুরির পর ইমলিয়াতি সংবাদমাধ্যমকে বলেন, ‘এই অনুভূতির স্বাদ ভাষায় ব্যক্ত করা যায় না। পেশাদার ক্রিকেটে নিজের রাজ্যের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এমন নজির গড়লাম। ম্যাচে মাঠে নামার সময় থেকেই মনে মনে চিন্তা করেছিলাম, নিজের সেরাটা দিতে হবে। আমি কৃতজ্ঞ ভগবানের কাছে, তিনি আমাকে মনের জোড় দিয়েছেন এমন ইনিংস খেলার জন্য।’

প্রসঙ্গত, ইমলিয়াতি ছাড়াও নাগাল্যান্ডের হয়ে দুরন্ত ব্যাটিং করেন দেগা নিশ্চল। তাঁর সংগ্রহ ১৭৫ রান। এছাড়া ৬৭ রান করেন যোগীন্দার সিং।