Pakistan Ceasefire: ফের উত্তপ্ত LoC! লিপা ভ্যালিতে পাক সেনার মর্টার হামলা, যোগ্য জবাব ভারতীয় বাহিনীর
পাকিস্তানের এই উস্কানিমূলক হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
Truth of Bengal: জম্মু ও কাশ্মীর সীমান্তে দীর্ঘ পাঁচ মাস শান্ত থাকার পর ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। রবিবার গভীর রাতে কাশ্মীরের লিপা ভ্যালি-তে নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো হয়, পাশাপাশি ছোড়া হয় মর্টার শেলও। পাকিস্তানের এই উস্কানিমূলক হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সামরিক সূত্রে খবর, রবিবার গভীর রাতে লিপা ভ্যালিতে ভারতীয় সেনা চৌকিগুলিকে নিশানা করে পাক সেনা পর পর গুলি চালায় এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক মর্টার শেলও নিক্ষেপ করে। ভারতীয় বাহিনী দ্রুততার সঙ্গে এবং কঠোরভাবে এই হামলার পাল্টা জবাব দেয়।
উল্লেখ্য, গত ১০ মে-র ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় ছিল। প্রায় পাঁচ মাস পর পাক সেনা ফের গোলাবর্ষণ করে পরিস্থিতি উত্তপ্ত করল। লিপা ভ্যালি অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল হিসেবে পরিচিত এবং অতীতে এই পথ দিয়েই পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের একাধিক চেষ্টা চালিয়েছে। অপারেশন সিঁদুর এই সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা মনে করিয়ে দিচ্ছে এপ্রিল-মে মাসের উত্তপ্ত পরিস্থিতি। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে লস্করের ছায়া সংগঠন ‘টিআরএফ’-এর চার জঙ্গি ২৬ জন নিরস্ত্র মানুষকে হত্যা করার পর ভারত কঠোর পদক্ষেপ নেয়। এই হামলার জবাবে গত ৭ মে ভোর রাতে ভারত এক বড় অভিযান চালায়, যার সাংকেতিক নাম ছিল ‘অপারেশন সিঁদুর’।
এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট নয়টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যের জনবহুল এলাকা ও সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালালে ভারতও প্রত্যাঘাত করে। এই পালটা হামলায় পাকিস্তানের অন্তত ১১টি বিমান ঘাঁটি তছনছ হয়ে যায় এবং প্রায় ১০০ জনেরও বেশি জঙ্গি ও ৩৫ থেকে ৪০ জন পাক সেনা নিহত হয়। শেষ পর্যন্ত ইসলামাবাদের অনুরোধে নয়াদিল্লি সংঘর্ষবিরতিতে রাজি হয়। তবে পাঁচ মাস পর ফের পাকিস্তানের এমন আক্রমণাত্মক পদক্ষেপ সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি করল।






