দেশ

ক্ষমতায় এলেই চালু হবে পেনশন, ভোটের প্রাক্কালে প্রতিশ্রুতি তেজস্বীর

সঙ্গে ব্যবসা বাড়াতে কামার, কুমোর, কাঠ মিস্ত্রিদেরও সুদ বিহীন পাঁচ লক্ষ টাকার লোন দেওয়া হবে বলে প্রতিশ্রুতি তেজস্বীর। 

Truth Of Bengal: বেজে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের দামামা। হাতে আর মেরেকেটে দুই সপ্তাহ সময়। এর মধ্যেই বড়সড় প্রতিশ্রুতি দিলেন আরজেডি নেতা তথা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, পঞ্চায়েত এবং গ্রাম কাছাড়ির প্রতিনিধিরা বহু দিন ধরেই পেনশনের দাবি জানিয়ে আসছেন। আমরা ক্ষমতায় এলেই তাঁদের পেনশন চালু হবে। পাশাপাশি থাকবে ৫০ লক্ষ টাকার বিমা সুরক্ষাও। সঙ্গে ব্যবসা বাড়াতে কামার, কুমোর, কাঠ মিস্ত্রিদেরও সুদ বিহীন পাঁচ লক্ষ টাকার লোন দেওয়া হবে বলে প্রতিশ্রুতি তেজস্বীর।

শুধু পঞ্চায়েত প্রতিনিধি নন, রাজ্যের সরকারি রেশন বিতরণকারীদের জন্যও বড় ঘোষণা করেছেন তেজস্বী। তিনি জানান, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রেশন বিতরণকারীদের প্রতি কুইন্টালে মার্জিন মানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে।এছাড়া রাজ্যের নাপিত, কুমোর ও কাঠমিস্ত্রিদের মতো ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত মানুষের জন্যও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন তেজস্বী। তিনি বলেন, রাজ্যে নাপিত, কুমোর ও কাঠমিস্ত্রিদের ৫ লক্ষ টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হবে, যাতে তাঁরা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন। তাঁর দাবি, এই উদ্যোগে লোহার, কুমোরসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সরাসরি উপকৃত হবেন।এর আগে তেজস্বী যাদব ঘোষণা করেছিলেন, ‘জীবিকা দিদি’ নামে পরিচিত রাজ্যের চুক্তিভিত্তিক মহিলা কর্মীদের স্থায়ী করা হবে। তাঁদের মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা, পাশাপাশি ২ হাজার টাকার অতিরিক্ত ভাতা ও ৫ লক্ষ টাকার বিমা সুবিধাও দেওয়া হবে।পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তেজস্বী বলেন, মানুষ বর্তমান সরকারের প্রতি বিরক্ত। পরিবর্তন চাইছে বিহারবাসী। আমাদের কেবল ২০ মাস সময় দিন, আমরা বিহারকে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করব।

অন্যদিকে ভোটমুখী বিহারে একের পর এক ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। আগেই আগামী ৫ বছরে কর্মসংস্থান এবং এক কোটি যুবকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বিনামূল্যে বাড়িতে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। তবে তাঁর এই ঘোষণার সমালোচনা করছেন বিরোধীরা। তাদের দাবি, ২০ বছর ক্ষমতায় থাকার পর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কেবল মাত্র ইন্ডিয়া ব্লকের দেওয়া প্রতিশ্রুতির অনুকরণ করছেন। উল্লেখ্য,  ২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভার নির্বাচন হবে দুই দফায়।  ৬ নভেম্বর ও ১১ নভেম্বর। ভোটগণনা ও ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের আগে মহাগঠবন্ধনের এই ধারাবাহিক সামাজিক ও অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Related Articles