কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এশিয়া কাপে নায়ক হলেন, শোনালেন তিলক
ফলে গভীর অনিশ্চয়তার মুখে সেই সময় কঠিন দিনগুলি অতিবাহিত করেছিলেন তিলক।
Truth Of Bengal: চলতি বছরে আরবের মাটিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স হয়েছে ভারত। এই টুর্নামেন্টের অন্যতম ক্রিকেটার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে তরুণ ব্যাটার তিলক বার্মা। কিন্তু আমরা অনেকেই জানি না, টিম ইন্ডিয়ার তরুণ এই ব্যাটারটি ২০২২ সালে এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। যে রোগটির নাম হল র্যাবডোমায়োলাইসিস। অর্থ্যাৎ এই রোগে আক্রান্ত হলেই অকেজো হয়ে পড়ে শরীরের সমস্ত মাংসপেশী। ফলে গভীর অনিশ্চয়তার মুখে সেই সময় কঠিন দিনগুলি অতিবাহিত করেছিলেন তিলক। এবং তিলকের দুঃসময়ে তাঁর চিকিৎসার জন্য যাবতীয় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে অন্যতম কর্ণধার আকাশ আম্বানি। তবে তিলক সুস্থ হয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি।
সম্প্রতি তিলক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিলক নিজের কঠিন সময়ের কথাই ফের একবার শোনালেন। তিলক বলেন, ‘প্রথমবার আইপিএল খেলার পর থেকেই আমার শরীরে কিছু সমস্যা দেখা দেয়। তারপর জানতে পারি আমার র্যাবডোমায়োলাইসিস হয়েছে। এবং ওই রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই দেখতে পারি আমার শরীর ক্রমশ অবশ হয়ে যাচ্ছিল। এর পাশাপাশি শরীরের আঙুলগুলিও যেন অবশ হয়ে যাচ্ছিল। যা দেখে আমার মনে হয়েছিল এরপর ক্রিকেট খেলাটাই আর হবে না। কেননা সে সময় আমার দু চোখে স্বপ্ন ছিল ভারতীয় দলের জার্সি গায়ে টেস্ট ম্যাচ খেলার। তার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখিনি। ফলে ওই রোগে আক্রান্ত হওয়ার পর আমার খুব ভয়ও হয়েছিল।’
এখানেই থেমে না থেকে তিলক আরও বলেন, ‘কঠিন এই সময়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানিকে। তিনি ছাড়াও আমার পাশে দাঁড়িয়েছিলেন আইসিসি চেয়ারম্যান জয়শাহ-ও। তাঁরা আমার খোঁজ নেন, এবং আমি যাতে আর দেরি না করে হাসপাতালে ভর্তি হই, তারজন্যও পরামর্শ দেন। এবং তাঁদের পরামর্শ মতো আমিও তড়িঘড়ি হাসপাতালে ভরতি হই। না হলে আরও বিপদ বাড়ত আমার। যাকগে সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় আমি সে যাত্রায় রক্ষা পাই এবং বেঁচে যাই।’





