‘ইগো’ সামলাতে জানতে হয়! জাহ্নবী কাপুরের মন্তব্যে তোলপাড় বলিউড
টুইঙ্কল খান্না এবং কাজলের একটি জনপ্রিয় শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী কাপুর।
Truth of Bengal: সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও, অভিনেত্রী জাহ্নবী কাপুরের সাম্প্রতিক একটি মন্তব্য বলিউড মহলে বড়সড়ো বিতর্কের জন্ম দিয়েছে। শ্রীদেবী-কন্যা সাফ জানিয়েছেন, একজন অভিনেত্রী হিসেবে বলিউডে নিজের প্রতিষ্ঠা মজবুত করতে হলে পুরুষ অভিনেতাদের অহংকার (মেল ইগো) মোকাবিলা করার কৌশল জানতে হয়।
টুইঙ্কল খান্না এবং কাজলের একটি জনপ্রিয় শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী কাপুর। সেখানেই তিনি এই বিস্ফোরক মন্তব্যটি করেন। শুধু তাই নয়, অভিনেত্রী আরও একটি কৌশল ফাঁস করেন। তিনি বলেন, “আমি মাঝে মাঝে বোকা সেজে থাকি। তাতে অন্তত অন্যের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার ভয় থাকে না।” এই মন্তব্যের পরই বলিউড ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জাহ্নবী কাপুর একজন ‘স্টারকিড’ হওয়া সত্ত্বেও বলিউডে কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা, টুইঙ্কল খান্না তাঁর কাছে জানতে চেয়েছিলেন। এই প্রশ্নের উত্তরেই জাহ্নবী ‘মেল ইগো’ বা পুরুষালি অহংকার সামলানোর প্রসঙ্গটি টেনে আনেন। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, তারকা বাবা-মায়ের সন্তান হওয়ায় তিনি ইন্ডাস্ট্রিতে ‘বিশেষ সুবিধা’ পেয়েছেন। ফলে তিনি যা বলতে চান, তা সরাসরি ও প্রকাশ্যে বলতে পারেন, ইশারা বা আড়ালে বোঝাতে হয় না। তবে সকলের এমন সুযোগ নেই।
জাহ্নবী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন, অহংকার মোকাবিলা করতে গিয়ে বোকা সেজে থাকার ভান করা যেতে পারে। তবে এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। তিনি বলেন, “কাউকে আঘাত না করে কীভাবে নিজের বক্তব্য তুলে ধরতে হয়, সেটা শিখতে হবে।” জাহ্নবী কাপুরের এই মন্তব্য নারী-পুরুষ অভিনেতাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে বলিউডের চাপা আলোচনাকে ফের উসকে দিল বলেই মনে করছেন অনেকে।






