PSG: পিএসজি-র দাপটে উড়ে গেল লেভারকিউসেন! বেয়ারিনা স্টেডিয়ামে ‘গোলের উৎসব’ কাইলিয়ান এমবাপ্পেদের
যদিও এই ম্যাচে দুই দলের একজন করে ফুটবলারকেই দেখানো হয়েছে লাল কার্ড। কিন্তু দিনের শেষে যে দাপট দেখিয়েছে পিএসজি, তার প্রশংসা করেছে গোটা ফুটবল বিশ্ব
Truth of Bengal: চ্যাম্পিয়ন্স লিগে দাপট অব্যাহত পিএসজির। জয়ের হ্যাট্রিক করলো তারা। এবার তাদের হাতে পরাজিত হলো লেভারকিউসেন। তবে শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ফলাফল ৭-২। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমনাত্মক ফুটবল খেলেছে তারা। যদিও এই ম্যাচে দুই দলের একজন করে ফুটবলারকেই দেখানো হয়েছে লাল কার্ড। কিন্তু দিনের শেষে যে দাপট দেখিয়েছে পিএসজি, তার প্রশংসা করেছে গোটা ফুটবল বিশ্ব।
বুধবার ম্যাচটি খেলা হয় লেভারকিউসেনের ঘরের মাঠ বেয়ারিনা স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল চালু করে পিএসজি এবং সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা পাচোর গোলে। ৩৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখানো হয় লেভারকিউসেনের অ্যান্ড্রিচকে এবং ৩৭ মিনিটে পিএসজির জাবার্নিকে। তবে ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় লেভারকিউসেন। সেখান থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান গার্সিয়া। তবে তার কয়েক মিনিট পরই ফের স্তব্ধ হয়ে যায় গোটা স্টেডিয়াম যখন ৪১ মিনিটে গোল করে পিএসজিকে ফের এগিয়ে দেন ডৌই। ৪৪ মিনিটে তা আরও বাড়ান ভারাতশেলিয়া। প্রথমার্ধের অতিরিক্ত সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ডৌই। তখনই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল পিএসজির। প্রথমার্ধ শেষে ৪-১ গোলে এগিয়ে থাকে পিএসজি।
দ্বিতীয়ার্ধেও সেই একইভাবে খেলা চালু করে পিএসজি। আক্রমণের পর আক্রমণ করতেই থাকে তারা। ৫০ মিনিটে দলের পঞ্চম গোলটি আসে মেন্ডেসের মাধ্যমে। এরপর ৫৪ মিনিটে গার্সিয়া দ্বিতীয় গোলটি করেন লেভারকিউসেনের হয়ে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ৬৬ মিনিটে পিএসজিকে ৬-২তে এগিয়ে দেন ডেম্বেলে। অবশেষে অন্তিম গোলটি আসে তাদের ৯০ মিনিটে। সপ্তম গোলটি করেন বিটিন্হা। বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়েন পিএসজির ফুটবলাররা। ৭-২ স্কোরলাইনে মুখে একরাশ হাসি নিয়ে স্টেডিয়াম ছাড়েন তাঁরা।






