কলকাতারাজ্যের খবর

Weather Update: পুজোর পর এবার ভাইফোঁটাও নির্বিঘ্নে! আপাতত দক্ষিণবঙ্গে বড় বৃষ্টির আশঙ্কা নেই

আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে বড় কোনও বৃষ্টির আশঙ্কা নেই।

Truth of Bengal: অক্টোবর মাস প্রায় শেষ। শীতের আমেজ এখনও অধরা, বরং দিনের বেলায় ঘেমেনেয়ে একসা হচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে ভাইফোঁটা নিয়ে রাজ্যের আবহাওয়া কী বার্তা দিচ্ছে? আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে বড় কোনও বৃষ্টির আশঙ্কা নেই। ভাইফোঁটা কাটবে নির্বিঘ্নেই। তবে স্বস্তি মিলবে না এখনই, দিনের বেলায় চড়া রোদ আর ভ্যাপসা গরমের দাপট জারি থাকবে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বর্তমানে বঙ্গোপসাগরের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। তবে এর অভিমুখ পশ্চিমবঙ্গ নয়, বরং তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা। সরাসরি প্রভাব এ রাজ্যে না পড়লেও, এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন ঘটবে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ভাইফোঁটার দিন আবহাওয়া থাকবে মোটের উপর শুকনোই। তবে শুক্রবার থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে, অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। ওইদিন বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এরপর মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার এই দুই জেলার সঙ্গে জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর সোমবার থেকে উত্তরবঙ্গের সবক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

Related Articles