দেশ

বৃষ্টির দাপটে দুর্যোগের আশঙ্কা দক্ষিণ ভারতে, সতর্কবার্তা জারি মৌসম ভবনের

তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকেলে ২৩ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা।

Truth Of Bengal: আবারও বৃষ্টির চোখরাঙানি দক্ষিণ ও পূর্ব ভারতে। মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেশের একাধিক রাজ্যে। ২৬ অক্টোবর পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। মৌসম দফতরের পূর্বাভাস অনুযায়ী, তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় আগামী কয়েক দিন ধরে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। এর সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। লক্ষদ্বীপেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পূর্ব আরবসাগরে একটি গভীর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও সংলগ্ন এলাকাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।এই অবস্থায় তামিলনাড়ু, কেরল ও অন্ধ্রপ্রদেশের বহু জেলায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি পর্যটকদের ওই রাজ্যগুলি ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মৌসম দফতর।

তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকেলে ২৩ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। চেন্নাই, কাড্ডালোর, নাগাপত্তিনম ও তিরুভাল্লুরে বিশেষ সতর্কতা জারি।কেরল ও মাহেতে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে মধ্য ও উত্তর কেরলের ইদুকি, ওয়েনাড়, কোঝিকোড় ও মলপ্পুরমে সতর্কতা।কর্নাটকে ২৫ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।অন্ধ্রপ্রদেশ ও রায়লসীমায়  ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে।তেলঙ্গানায় ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণের পাশাপাশি দেশের পূর্ব ও মধ্যাঞ্চলেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে, যা ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণ নিম্নচাপে পরিণত হবে বলে জানাচ্ছে মৌসম ভবন। সেইসঙ্গে ওড়িশা ও সংলগ্ন অঞ্চলে ২৪ অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তীসগঢ়েও ২৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময়ে সমুদ্র উত্তাল থাকবে, তাই জেলেদেরও সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

Related Articles