আমিই দাঁড়াবো……, নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা দিন্দার
এসআইআর নিয়ে তিনি দাবি করেন যে এটা হলে তছনছ হয়ে যাবে তৃণমূলের সরকার।
Truth Of Bengal: বছর শেষ হলেই বিধানসভা নির্বাচন বাংলার মাটিতে। এখন মাত্র কয়েক মাসের অপেক্ষা। ইতিমধ্যেই, দামামা বেজে গিয়েছে ভোটের। শাসক থেকে শুরু করে বিরোধী, সকলেই ময়দানে নেমে প্রচার চালু করে দিয়েছে। যদিও কোন দলের তরফ থেকেই ঘোষণা করা হয়নি প্রার্থী তালিকা। কিন্তু তা সত্ত্বেও অনেক আগেই নিজেকে প্রার্থী হিসেবে কার্যত ঘোষণা করে ফেললেন ময়নার বিজেপি বিধায়ক, তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, অশোক দিন্দা।
রবিবার বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হয় ময়নাতে এবং তাতে যোগ দেন অশোক দিন্দা। সেখানে উপস্থিত সকলের সামনে তিনি দাবি করেন যে তাঁরই প্রার্থী হওয়া সম্ভাবনা রয়েছে এবার। দিন্দার বক্তব্য, “আমিই দাঁড়াবো ৯৯.০০৯ শতাংশ।” প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের এই বক্তব্য শুনে সকল বিজেপি কর্মী ও সমর্থক হাততালি দেন। বলা ভাল, আনন্দে ফেটে পড়েন সকলে। তিনি আরও বলেন, “আমি গত সাড়ে চার বছর ধরে পড়ে আছি ময়না বিধানসভা কেন্দ্রেই। কাজ করেছি মানুষের জন্যই। বলা কঠিন বিজেপি কাকে দাঁড় করাবে। তবে আপনাদের আমি বলছি যে দিন্দার পলিটিকাল ইয়ার্কার আবার ময়নাতেই নামবে।”
এসআইআর নিয়ে তিনি দাবি করেন যে এটা হলে তছনছ হয়ে যাবে তৃণমূলের সরকার। তিনি বলেন, “এসআইআর হলে বাদ যাবে ৮০ লক্ষ থেকে ১ কোটি নাম। আর সেটা যদি হয়, তাহলে দুমড়ে-মুচড়ে পড়বে তৃণমূল কংগ্রেস সরকার।” এদিন তাঁর মন্তব্যে খুশি হন উপস্থিত সকল দলীয় কর্মী-সমর্থকরা।






