Shilpa Shetty: অভিনেত্রী শিল্পা শেট্টিকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ, বাড়িতেও চলল তল্লাশি
এই প্রসঙ্গে পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিল্পার বাসভবনে গিয়েছিল।
Truth of Bengal: ৬০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে অভিনেত্রী শিল্পা শেট্টিকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা। সোমবার শিল্পার বয়ান রেকর্ড করা হয় এবং তাঁর বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারী দল। শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের সমস্ত নথি সংগ্রহ করেছে পুলিশ, যা এখন খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিল্পার বাসভবনে গিয়েছিল। জিজ্ঞাসাবাদের সময়, শিল্পা তাঁর বিজ্ঞাপন কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেনের বিষয়ে পুলিশকে বিস্তারিত তথ্য দেন।এই একই মামলায় গত সেপ্টেম্বর মাসে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, তাঁকেও আগামী সপ্তাহে ফের তলব করা হবে (Shilpa Shetty)।
ঘটনার সূত্রপাত অগস্ট মাসে। যখন মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি জুহু থানায় একটি এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, তিনি রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির মালিকানাধীন (বর্তমানে বন্ধ হয়ে যাওয়া) সংস্থা ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এ প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু ব্যবসা সম্প্রসারণের নামে নেওয়া সেই অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন দম্পতি এবং সময়ের মধ্যে ফেরত দেননি। তদন্তে উঠে এসেছে, কোঠারি তাঁর সংস্থা ‘লোটাস ক্যাপিটাল ফিনান্স সার্ভিসেস’-এর মাধ্যমে ওই বিনিয়োগ করেছিলেন। অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে রাজ ও শিল্পা একাধিক আর্থিক অনিয়ম করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে মুম্বই পুলিশ (Shilpa Shetty)।
সম্প্রতি জিজ্ঞাসাবাদের সময় রাজ কুন্দ্রা তদন্তকারী সংস্থাকে জানান, ওই অর্থের একটি অংশ বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও নেহা ধুপিয়াকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেন, কিছু অর্থের লেনদেন বালাজি এন্টারটেনমেন্টের সঙ্গেও হয়েছিল।এখন শিল্পা ও রাজের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের লেনদেনের বিশদ বিবরণ খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, প্রয়োজন হলে তাঁদের দু’জনকেই আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।এই ঘটনায় আপাতত বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতিকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে মুম্বইয়ের শিল্পমহলে (Shilpa Shetty)।






