দেশ

Wangchuk Arrest: NSA-তে আটক সোনম ওয়াংচুক মামলায় কেন্দ্র ও জেল সুপারকে সুপ্রিম কোর্টের নোটিস

সোমবার, বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন. ভি. আঞ্জারিয়া-র বেঞ্চে মামলাটি ওঠে।

Truth of Bengal: জাতীয় নিরাপত্তা আইনে (NSA) আটক লাদাখের পরিবেশকর্মী, শিক্ষাবিদ ও প্রকৌশলী সোনম ওয়াংচুককে গ্রেফতারের বিরুদ্ধে তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো-এর করা আবেদন মামলায় কেন্দ্র, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল এবং যোধপুর সেন্ট্রাল জেলের সুপারকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। সোমবার, বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন. ভি. আঞ্জারিয়া-র বেঞ্চে মামলাটি ওঠে। এই দিন কোনও তাৎক্ষণিক স্বস্তি না মিললেও, শীর্ষ আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছে (Wangchuk Arrest)।

আদালতে গীতাঞ্জলি আংমোর আইনজীবীর মাধ্যমে অবিলম্বে সোনম ওয়াংচুকের মুক্তির দাবি জানানো হয়। এর পাশাপাশি, তাঁর সঙ্গে ফোনে কথা বলার ও সরাসরি দেখা করার অনুমতি চেয়েছেন গীতাঞ্জলি। একই সঙ্গে, কারাবন্দী সোনমকে নিয়মিতভাবে ওষুধ, জামাকাপড়, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য আদালতের কাছে আর্জি জানান তিনি। আংমোর আইনজীবী আদালতে দাবি করেন যে, সোনম ওয়াংচুককে আটকের কারণগুলি পরিবারকে জানানো হয়নি (Wangchuk Arrest)।

অন্যদিকে, কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেন, সোনম ওয়াংচুককে গ্রেপ্তারের কারণগুলি ইতিমধ্যেই তাঁকে জানানো হয়েছে। সলিসিটর জেনারেল আরও জানান, গ্রেপ্তারের সেই কারণগুলি গীতাঞ্জলি আংমোকে দেওয়ার বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন। উল্লেখ্য, লাদাখে বিক্ষোভের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে (NSA) মামলা রুজু করা হয়। নিরাপত্তার কারণে তাঁকে লেহ-এর পরিবর্তে রাজস্থানের যোধপুর জেলে রাখা হয়েছে (Wangchuk Arrest)।

 

Related Articles