খেলা

অবশিষ্ট ভারতীয় দলকে হারিয়ে ইরানি ট্রফি জয় বিদর্ভের

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সমস্যার সম্মুখীন হয় অবশিষ্ট ভারতীয় একাদশ।

Truth Of Bengal: অধিনায়ক হিসেবে তৃতীয় ট্রফি জয়ের স্বাদটা পেলেন না রজত পাতিদার। প্রথমে আইপিএল এবং তারপর দলিপ ট্রফি জয়ের স্বাদ পেলেও ইরানি ট্রফি জয় করতে ব্যর্থ হল পাতিদার বাহিনি। ৯৩ রানে তাদের পরাজিত করে বিদর্ভ প্রমাণ করে দিল কেন তারা ভারতের ঘরোয়া ট্রফিতে অন্যতম সেরা দল। এর পাশাপাশি কর্নাটকের পর এই ট্রফি জয় করে নিল বিদর্ভ।

নাগপুরের মাঠ বিদর্ভের ঘরের মাঠ। কাজেই সেই সুযোগকে কাজে লাগাতে ম্যাচের শুরুর দিন থেকেই মরিয়া ছিলেন বিদর্ভের ক্রিকেটাররা। বিদর্ভের হয়ে সেঞ্চুরি হাঁকান ওপেনার অর্থব তাইরে। তাঁর সংগ্রহ ১৪৩ রান। অর্থব ছাড়া বিদর্ভের হয়ে ৯১ রান করেন যশ রাঠোর। মূলত এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই ৩৪২ রান করে বিদর্ভ। বল হাতে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে তিনটি করে উইকেট নেন বাংলার পেসার আকাশদীপ ও মানব।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সমস্যার সম্মুখীন হয় অবশিষ্ট ভারতীয় একাদশ। তাদের দলের ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ৫২ এবং অধিনায়ক রজত পাতিদার ৬৬ রান ছাড়া দলের বাকি সব ব্যাটারই ব্যর্থতার তালিকায় নাম লেখালেন। যার ফলে ২১৪ রানেই বাণ্ডিল হয়ে যায় অবশিষ্ট ভারতীয় দল। ফলে ১২৮ রানের লিড নেয় বিদর্ভ। বল হাতে বিদর্ভের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট দখল করেন যশ ধুল।

এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে নিজেদের সেরা ছন্দ কিছুটা হলেও ফিরে পান অবশিষ্ট ভারতীয় দলের বোলাররা। এই অর্ধে বিদর্ভের কোনও ব্যাটারই নিজের অর্ধ্বশত রান পূর্ণ করতে পারেননি। তবুও ২৩২ রান স্কোরবোর্ডে তুলে নেয় রঞ্জি চ্যাম্পিয়ন দলটি। অবশিষ্ট ভারতীয় দলের বোলার হিসেবে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট ঝুলিতে পুড়ে নেন অংশুল কম্বোজ।

ম্যাচে জিততে গেলে অবশিষ্ট ভারতীয় দলকে করতে হত ৩৬০ রান। কিন্তু তাদের টপ অর্ডার থেকে মিডিল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার জেরেই ডুবতে হল অবশিষ্ট ভারতীয় একাদশকে। ব্যর্থতার তালিকায় থাকলেন ঋতুরাজ গায়কোয়াড় থেকে শুরু করে ইশান কিষাণরা পর্যন্ত। দুই ইনিংসেই ব্যর্থ হলেন এই দুই ব্যাটার। অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে কিছুটা রান করলেন যশ ধুল। তাঁকে যোগ্য সহযোগিতা করলেন মানব-ও। ধুল ৯২ এবং মানব ৫৬ রানে সাজঘরে ফিরে যেতেই ম্যাচ জেতার আশা শেষ হয়ে যায় অবশিষ্ট ভারতীয় দলের। শেষ পর্যন্ত ২৬৭ রানেই গুটিয়ে যায় অবশিষ্ট ভারতীয় দলের ইনিংস।