ইস্টবেঙ্গল এখন অতীত, তালালের ঠিকানা জামশেদপুর
দিয়ামান্তাকসের সঙ্গে জুটি বেঁধে গোল যেমন করিয়েছেন, ঠিক তেমনই গোলের ঠিকানা লেখা পাসও বাড়িয়েছেন এই ফরাসি মিডিও।
Truth Of Bengal: পঞ্জাব এফসি-র হয়ে ২০২৩-২৪ মরসুমে আইএসএল-এ দুরন্ত খেলেছিলেন ফরাসি উইং হাফ মাধি তালাল। তারপর ২০২৪-২৫ মরসুমে তাঁকে দলে নেন ইস্টবেঙ্গল কর্তারা। প্রথম থেকেই কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে দলের অন্যতম সেরা স্তম্ভ হিসেবেই নিজেকে মেলে ধরতে শুরু করেন তালাল। দিয়ামান্তাকসের সঙ্গে জুটি বেঁধে গোল যেমন করিয়েছেন, ঠিক তেমনই গোলের ঠিকানা লেখা পাসও বাড়িয়েছেন এই ফরাসি মিডিও।(Talal Transfer)
গত বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২র ম্যাচে ভুটানে গিয়ে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন তালাল। কিন্তু তারপরই ফিরে এসে গুরুতর হাঁটুর চোটের মুখে পড়েন তিনি। ফলে মরসুমের মাঝপথ থেকেই ছিটকে যেতে হয় তাঁকে। এরপর সফল অস্ত্রোপচার হয়ে রিহ্যাব শুরু করলেও চলতি মরসুমে তাঁকে আর দলে চাননি লাল-হলুদের কোচ অস্কার ব্রুজো। ফলে যেহেতু তালালের সঙ্গে চুক্তি ছিল সেই হিসেবে দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই তালালকে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল।(Talal Transfer)
সূত্রের খবর, এই সুযোগকে কাজে লাগিয়ে গত আইএসএল-এ নজরকাড়া জামশেদপুর এফসি এবার প্রাক্তন লাল-হলুদ মিডিওকে দলে নেয়। উল্লেখ্য, এর আগে লাল-হলুদ ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দিয়েছেন ডিফেন্ডার নিশু কুমার, মার্ক জোথানপুইয়া। এবার সেই তালিকায় নাম লেখালেন তালাল।(Talal Transfer)


