আচমকা ছাঁটাই! ৪ মিনিটেই শেষ চাকরি
Truth Of Bengal: একজন ভারতীয় কর্মী সম্প্রতি রেডিটে নিজের ছাঁটাইয়ের অভিজ্ঞতা শেয়ার করেন, যা এখন ইন্টারনেটজুড়ে ভাইরাল। ওই কর্মী একজন মার্কিন যুক্ত প্রতিষ্ঠানে রিমোট বা দূরবর্তীভাবে কাজ করছিলেন। তিনি জানান, কোনও পূর্বসতর্কতা ছাড়াই, মাত্র ৪ মিনিটের একটি ভার্চুয়াল মিটিংয়ে তাঁকে এবং ভারতের আরও বহু কর্মীকে একসঙ্গে ছাঁটাই করা হয়।(Sudden Layoffs)
পোস্টে তিনি লেখেন, “সাধারণ একটি দিনের মতোই সকাল ৯টায় কাজ শুরু করি। হঠাৎ দেখি, ১১টার সময় একটি বাধ্যতামূলক মিটিংয়ের আমন্ত্রণ এসেছে কোম্পানির চিফ অপারেটিং অফিসারের (COO) কাছ থেকে। মিটিং শুরু হতেই সবাইয়ের ক্যামেরা ও মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। এরপর সিওও জানান, ভারতের বেশিরভাগ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে।”(Sudden Layoffs)
সিওও স্পষ্ট করে জানান, এই ছাঁটাইয়ের পেছনে কোনও কর্মদক্ষতার কারণ নেই, বরং এটি কোম্পানির অভ্যন্তরীণ পুনর্গঠন বা রিসট্রাকচারিংয়ের অংশ। কিন্তু সবচেয়ে কষ্টকর ছিল, ছাঁটাইয়ের খবর জানিয়ে কোনও প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুত কল ছেড়ে বেরিয়ে যান তিনি। কর্মীদের জানানো হয়, যদি কেউ ছাঁটাইয়ের তালিকায় থাকেন, তাহলে তাদের ইমেল করে জানানো হবে।(Sudden Layoffs)
ওই কর্মী আরও জানান, সংস্থা আশ্বাস দিয়েছে যে অক্টোবর মাসের পুরো বেতন ও ছুটির জমা টাকাও পরিশোধ করা হবে। তবুও মানসিকভাবে তিনি অত্যন্ত বিপর্যস্ত। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, “এই প্রথম আমি চাকরি হারালাম। সত্যিই খুব খারাপ লাগছে।”
এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সহানুভূতির সঞ্চার করেছে। অনেকেই চাকরির সুযোগ বা মানসিক সমর্থন দিতে এগিয়ে এসেছেন। কেউ লিখেছেন, “আপনার প্রোফাইলটা জানাবেন? যদি কিছু করতে পারি, প্লিজ DM করুন।” আরেকজন বলেছেন, “আপনার অভিজ্ঞতা আর রোলটা জানান, আমি সাহায্য করতে পারি।” কেউ কেউ আবার উৎসাহ দিয়ে লিখেছেন, “এটা তোমার ভাবার সময়—তুমি সত্যি কী করতে চাও। পুরোনো পথে হাঁটতেও পারো, বা একেবারে নতুন কিছু চেষ্টা করতে পারো। মন খারাপ করো না, তুমি আরও শক্তিশালী হয়ে ফিরবে।”


