Puja Weather: পুজোর রং ফিকে! নিম্নচাপের চোখরাঙানি, ষষ্ঠী থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা
সোমবার থেকে শুরু হওয়া বিক্ষিপ্ত বৃষ্টি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে তাণ্ডব চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই এই দুর্যোগের কারণ
Truth of Bengal: উৎসবের আমেজ শুরু হতে না হতেই পূজোপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, পুজোর মুখে ভারী বৃষ্টির কবলে পড়তে পারে দক্ষিণবঙ্গ। সোমবার থেকে শুরু হওয়া বিক্ষিপ্ত বৃষ্টি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে তাণ্ডব চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই এই দুর্যোগের কারণ (Puja Weather)।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মায়ানমার উপকূলে সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত আজ উত্তর বঙ্গোপসাগরে পৌঁছতে পারে। এই ঘূর্ণাবর্ত আগামী বৃহস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ষষ্ঠীর দিন, অর্থাৎ রবিবার, এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের প্রভাবেই পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে (Puja Weather)।
আরও পড়ুনঃ নতুন জিএসটি চালু, কী সস্তা, কী মহার্ঘ্য? জেনে নিন এক নজরে
ইতিমধ্যেই রবিবার মধ্যরাত থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে (Puja Weather)।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও, বৃহস্পতিবার থেকে তা আবারও বাড়বে। কলকাতায়ও বৃষ্টি চলছে। সোমবার সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে (Puja Weather)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
অন্যদিকে, উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। একমাত্র শুক্রবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Puja Weather)।






