Messi: অলস্টার ম্যাচে অনুপস্থিতিতে নির্বাসিত মেসি ও আলবা
বুধবার অলস্টার ম্যাচে অনুপস্থিত থাকার জন্য এই শাস্তির সম্মুখীন হতে হল তাঁদের।
Truth of Bengal: মেজর লিগ সকারের নিয়ম ভাঙার অভিযোগে একটি ম্যাচ থেকে নির্বাসিত হলেন ইন্টার মায়ামির দুই তারকা ফুটবলার লিয়োনেল মেসি ও জর্দি আলবা। বুধবার অলস্টার ম্যাচে অনুপস্থিত থাকার জন্য এই শাস্তির সম্মুখীন হতে হল তাঁদের। ফলে শনিবার সিনসিনাটির বিরুদ্ধে নামতে পারবেন না এই দুই খেলোয়াড়। মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, অলস্টার ম্যাচের জন্য নির্বাচিত ফুটবলাররা যথাযথ কারণ ছাড়া সেই ম্যাচে অংশ না নিলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এবার অলস্টার ম্যাচে মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগের নির্বাচিত তারকাদের মধ্যে খেলা হয় (Messi)।
আরও পড়ুন: Gaza Conflict: “মনে হয় মরতে চাইছে হামাস” বিস্ফোরক ট্রাম্প, গাজা ধ্বংসের বার্তা?
কিন্তু কোনও কারণ না দেখিয়ে সেই ম্যাচে খেলেননি মেসি ও আলবা। আর তার জেরেই তাঁদের নির্বাসন। এই শাস্তি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। সমর্থকদের একাংশের মতে, মেসির মতো তারকার ক্ষেত্রে কিছুটা নমনীয় হওয়া যেত। কারণ, ৩৮ বছরের এই কিংবদন্তি ফুটবলার গত ৩৫ দিনে ৯টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে চারটি ছিল ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচ। সাম্প্রতিক ৭টি ম্যাচের মধ্যে ৬টিতেই জোড়া গোল করেছেন তিনি। এতটা চাপের পর অলস্টার ম্যাচে না নামাটা স্বাভাবিক বলে মনে করছেন অনেকে। মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, খেলবে কি না, সেই সিদ্ধান্ত তিনি মেসি ও আলবার উপরেই ছেড়ে দিয়েছিলেন (Messi)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
ফলে তাঁদের মাঠে না নামায় শাস্তি পেলেও, কোচ বা ক্লাবের তরফে কোনও আপত্তি নেই। এই বিষয়ে মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বার বলেন, ‘ মেসিকে শাস্তি দিতে আমাদের কষ্ট হয়েছে। কিন্তু নিয়ম বহু দিনের। তা মানতেই হয়। তবে সময় এসেছে নিয়মগুলি নতুন করে খতিয়ে দেখার। প্রয়োজন হলে তা শিথিলও করা হতে পারে।’ এখন দেখার, এই সিদ্ধান্ত ইন্টার মায়ামির পরবর্তী পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে। মাঠে মেসির উপস্থিতি না থাকাটা নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা (Messi)।






