Odisha: ওড়িশায় ফের নারী নির্যাতনের ঘটনা, হকি খেলোয়াড়কে গণধর্ষণের অভিযোগ কোচ-সহ চারজনের বিরুদ্ধে
এই ঘটনায় ইতিমধ্যেই দুই কোচ-সহ চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
Truth of Bengal: ওড়িশায় নারী নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বালেশ্বর এবং পুরীর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জাজপুর জেলায় এক ১৫ বছর বয়সী উঠতি হকি খেলোয়াড়কে গণধর্ষণের অভিযোগ উঠল তার কোচ এবং আরও তিন সহযোগীর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই দুই কোচ-সহ চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জাজপুর জেলার একটি প্রশিক্ষণ শিবিরে গত দু’বছর ধরে হকি প্রশিক্ষণ নিচ্ছিল ওই কিশোরী। গত ৩ জুলাই সন্ধ্যায় স্টেডিয়ামে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা তাকে মাঝরাস্তা থেকে জোর করে অপহরণ করে। অভিযুক্তদের সকলের বয়স ৩০-এর কোঠায়। অভিযোগ, অপহরণের পর কিশোরীকে স্থানীয় একটি হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় (Odisha)।
আরও পড়ুন: Bengali Rights: বাংলা ভাষাকে রক্ষার জন্য সবাইকে এক হতে হবে
নির্যাতিতা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং পরিবারের কাউকে ঘটনার কথা না জানানোর জন্যও ভয় দেখানো হয় বলে অভিযোগ। সম্প্রতি ওই নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করার পর এই বীভৎস ঘটনাটি প্রকাশ্যে আসে। গত রবিবার নাবালিকার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭০(২) ধারায় গণধর্ষণের অভিযোগ-সহ অন্যান্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে এবং শীঘ্রই তার মেডিক্যাল টেস্ট করানো হবে বলে পুলিশ জানিয়েছে। জেলার এক পকসো (শিশুদের উপর অপরাধ সংক্রান্ত আইন) আদালতে এক মহিলা বিচারকের সামনে গোপন জবানবন্দি দিয়েছে নির্যাতিতা। জাজপুরের পুলিশ সুপার যশপ্রতাপ শারিমল জানান, “নির্যাতিতার অভিযোগ পাওয়ার পরেই পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয় তদন্তের জন্য (Odisha)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
ঘটনায় চার জনকে আটকও করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে। এর পরে আইনানুগ পরবর্তী পদক্ষেপ করা হবে।”
উল্লেখ্য, সম্প্রতি ওড়িশার বালেশ্বরের এক কলেজে এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে কলেজেরই এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। ওই ঘটনায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন ছাত্রী। এর কিছুদিন পরেই পুরীতে এক নাবালিকার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রায় ৭৫ শতাংশ দগ্ধ অবস্থায় ওই কিশোরী এখনও দিল্লির এইমসে চিকিৎসাধীন। এই একের পর এক নারী নির্যাতনের ঘটনা ওড়িশা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে (Odisha)।






