Himachal Floods: হিমাচলে বৃষ্টির জেরে হড়পা বানে আটকে ২০০০ পর্যটক
ইতিমধ্যেই অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, এবং ১৫-২০ জন হড়পা বানে ভেসে গিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র
Truth of Bengal: ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের একাধিক জেলা। বুধবার থেকে শুরু হওয়া মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের ফলে বিভিন্ন এলাকায় ধস, রাস্তা বন্ধ, সেতু ভেসে যাওয়া এবং বহু পর্যটক আটকে পড়ার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, এবং ১৫-২০ জন হড়পা বানে ভেসে গিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র (Himachal Floods)।
হড়পা বানের জেরে বৃহস্পতিবার পর্যন্ত চম্বা, কাংড়া, মন্ডী, শিমলা এবং সিরমৌর জেলাগুলিতে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে।সৈঞ্জ উপত্যকা, শানশার, শানগড়, সুচাইহান অঞ্চলে প্রায় ২০০০ পর্যটক আটকে রয়েছেন।মানালি, ধর্মশালা ও কুলুর বেশ কিছু অংশে বৃষ্টি ও হড়পা বানে ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।হরনাগড়ের বাঞ্জারে একটি সেতু ভেসে গিয়েছে, বাঞ্জার-বাথাহার সড়কে ধস নেমেছে।লাহুল জেলাতেও পর্যটকদের আটকে পড়ার খবর মিলেছে। তাদেরকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুসারে ২৬ জুন পর্যন্ত পালমপুরে সর্বোচ্চ ১৪৫ মিমি বৃষ্টি হয়েছে। নাহান ৯৯ মিমি, পাওন্টা সাহিব ৫৮ মিমি, ধর্মশালা ৫৪ মিমি, কাংড়া ৪৪ মিমি, নারকান্ডা ৪০ মিমি, কসৌলি ২২ মিমি, মন্ডী ১৬ মিমি এবং শিমলায় ১৪ মিমি বৃষ্টি হয়েছে (Himachal Floods)।
আরও পড়ুনঃ Lightning Strike: পুরুলিয়ার পুন্দাগ বাজারে বজ্রাঘাতে জখম ১১ জন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, ২৬ ও ২৭ জুন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ২ জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। মেঘভাঙা বৃষ্টি ও ধসে জাতীয় সড়ক ৩০৫ সহ মোট ১৭১টি সড়ক বন্ধ হয়ে গিয়েছে। বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে খবর।কুলুর একাধিক অঞ্চলে হড়পা বানে ঘরবাড়ি ও পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন একযোগে উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য হেলিকপ্টার মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে (Himachal Floods)।
Truth of Bangla fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
উল্লেখ্য, হিমাচলের প্রাকৃতিক দুর্যোগ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে।পাহাড়ি এলাকায় পর্যটনের মৌসুমে এমন দুর্যোগে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীরা। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক থাকতে ও অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। একথায় বলা যায়, হড়পা বানের জেরে ভয়াবহ পরিস্থিতি হিমাচল প্রদেশে (Himachal Floods)।






