দেশ

দিল্লিতে ফের ধরা পড়ল অবৈধ বাংলাদেশি নাগরিকেরা

Illegal Bangladeshi nationals caught again in Delhi

Truth of Bengal:  শনিবার উত্তর-পশ্চিম দিল্লি থেকে ৬৬ জন বাংলাদেশিকে আটক করেছে দিল্লি পুলিশ। এঁরা সকলেই বৈধ নথিপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, বেশ কিছু ব্যক্তি ভিসা ও অভিবাসন সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে দিল্লিতে বসবাস করছিলেন। তাঁদের কোনও বৈধ পরিচয়পত্র ছিল না। ধৃতদের পরিচয়পত্র খতিয়ে দেখার কাজ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এফআরআর করা হয়েছে। প্রক্রিয়া মেনে ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

বলা বাহুল্য, দিল্লিতে কোথাও কোনও অবৈধ অভিবাসী রয়েছেন কি না, তা খুঁজে বার করতে ২০২৪ সালের ডিসেম্বরে একটি নির্দেশিকা জারি করেছিল দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়। তারপর থেকেই দিল্লির বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করে পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে দিল্লি পুলিশের অবৈধ বাংলাদেশিদের নিয়ে অপারেশন জারি রয়েছে কয়েকমাস ধরেই। অবৈধ ভাবে যেসব বাংলাদেশি দিল্লিতে বসবাস করেছেন তাদের খুঁজে বের করে ফেরত পাঠানো হচ্ছে।

একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক বলেন, ‘ ধৃতরা সকলেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। দীর্ঘদিন ধরে কাজ করছিলেন বিভিন্ন জায়গায় শ্রমিক হিসাবে। ভিসা ও নথিপত্রের কোনও অস্তিত্ব নেই। এখন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া মেনে নির্বাসনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’  বলা বাহুল্য, চলতি বছর মে মাসের শেষ সপ্তাহে দিল্লি পুলিশের হাতে ১২১ জন অবৈধ বাংলাদেশি নাগরিক ধরা পড়েছিলেন। তারাও প্রায় তিন বছর ধরে ভারতে থেকে শ্রমিকের কাজ করছিলেন। তাঁরা বর্তমানে ডিটেনশন সেন্টারে রয়েছেন এবং শীঘ্রই তাঁদের ফেরত পাঠানো হবে।

এই ঘটনার পর ফের অনুপ্রবেশ রোধ ও অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জোরালো হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

Related Articles