চেন্নাইয়ের বিপক্ষে ছন্দে ফিরেই নজির গড়লেন রোহিত
Rohit sets a precedent by getting back into rhythm against Chennai
Truth Of Bengal: রবিবার ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অনবদ্য একটা ইনিংস উপহার দিলেন রোহিত শর্মা। দীর্ঘদিন বাদে আবার যেন নিজের চেনা ছন্দ ফিরে পেলেন হিটম্যান। ৪৫ বলে ৭৬ রানের ইনিংস খেললেন রোহিত।
তাঁর এবং সূর্যকুমার যাদবের জুটিতেই চেন্নাইকে হারিয়ে জয় তুলে নিল মুম্বই। এবং এই ম্যাচে জেতার সঙ্গে সঙ্গে চলতি আইপিল-এ পর পর তিনটি ম্যাচ জিতে হ্যাটট্রিক গড়ল হার্দিক পাণ্ডিয়ার দল। দলের জয়ের পাশাপাশি নিজে একটি নজিরও গড়লেন রোহিত।
ঋতুরাজ-ধোনিদের বিপক্ষে ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গে রোহিত ভেঙে দিলেন শিখর ধাওয়ানের রেকর্ড। আইপিএল-এ সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় রোহিত উঠে এলেন তালিকার দু নম্বর স্থানে। এই রানের ফলে আইপিএল-এ রোহিতের মোট রান হল ৬,৭৮৬ রান।
এর আগে শিখর ধাওয়ানের রান ছিল ৬, ৭৬৯। এই তালিকার শীর্ষে রয়েছেন আরসিবি- ব্যাটার বিরাট কোহলি। কিং কোহলির সংগ্রহ ৮, ৩২৬ রান। এবং চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর সংগ্রহ ৬,৫৫৬ রান। পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। তাঁর ঝুলিতে রয়েছে ৫,৫২৮ রান।
ওয়াংখেড়েতে চেন্নাইয়ের বিপক্ষে নিজের চেনা ছন্দে ফিরে পেয়ে রোহিত ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও অর্জন করেছেন। এই নিয়ে তিনি আইপিএল-এ ইতিহাসে মোট ২০ বার ম্যান অফ দ্য ম্যাচে নির্বাচিত হলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এর আগে এতবার আর কোনও ক্রিকেটার ম্যাচের সেরা নির্বাচিত হননি।
এই তালিকাতেও রোহিতের পর দ্বিতীয় স্থানে রয়েছন বিরাট। তিনি মোট ১৯ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। এবং তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মাহি মোট ১৮ বার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।






