বিরাটের মন্তব্যের পাল্টা দিলেন বিসিসিআই সচিব, জানালেন নিয়মের পরিবর্তন নয়
BCCI Secretary responds to Virat's comments, says no change in rules
Truth Of Bengal: বিদেশ সময় ক্রিকেটারদের পারিবারিক সদস্যদের যাওয়া নিয়ে কিছু নিয়ম নির্দেশিকা জারি করেছিল বিসিসিআই। সেই নিয়মের তোয়াক্কা না করে পাল্টা নিজের মত জানিয়েছিলেন দলের অন্যতম সদস্য বিরাট কোহলি। এরপরই কোহলির পাশে নিজের সমর্থন জানিয়েছিলেন কপিলদেব।
এই ঘটনার রেশ কাটতে না কাটেই বুধবার বিরাটের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন, ‘বোর্ড ক্রিকেটারদের পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ সফরের সময় যে নিয়ম বেঁধে দিয়েছে তার কোনও পরিবর্তন হবে না।
কেননা ভারতীয় ক্রিকেটের ভালর জন্যই এমন নিয়ম করা হয়েছে। এবং এই নিয়ম জারি হওয়ার আগে বোর্ড কর্তাদের মধ্যে বিস্তর আলাপ-আলোচনা হয়েছে। এবং তারপরই এমন সিদ্ধান্ত গৃহীত হয়। সুতরাং এই নিয়ম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বোর্ডের।’
এরপর বোর্ড সচিব আরও জানান, ‘ক্রিকেটারদের পরিবারের বিদেশ সফর নিয়ে বোর্ড যে নিয়ম জারি করেছে তা অনেক আগে থেকেই ছিল কার্যকর ছিল। আমাদের বর্তমান বিসিসিআই-র অন্যতম কর্তা রজার বিনি যখন ক্রিকেট খেলতেন তখনও এই নিয়ম ছিল।
যেহেতু আমাদের দেশ গণতন্ত্রে বিশ্বাস করে। তাই সকলেরই নিজের মত জানানোর অধিকার রয়েছে। এবং কেউ যদি ভেবে নেন যে এমন নিয়ম বোর্ড শুধু একজনের ওপরই জারি করেছে তা নয়, ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থে এই নিয়ম দলের কোচ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ পর্যন্ত সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।’






