Truth Of Bengal: জমি নিয়ে দুটি পরিবারের সংঘর্ষ। ঘটনাটি ঘটে, উত্তর পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গুড়দহ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ শতক জমি নিয়ে দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। সেই নিয়ে চারদিন আগে সালিশি সভা বসে। সেখানে পঞ্চায়েতের তরফে সিদ্ধান্ত দেওয়া হয় ওই জমির আসল মালিক মন্টু মন্ডল। তারপরে থেকেই রেজু মন্ডল ও মন্টু মন্ডল এর দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরে মারধর চলে দুই পরিবারের মধ্যে।
এরপর মঙ্গলবার সকালের পর থেকে সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। যা নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র বিবাদের জেরে নিহত হন একজন। নিহতের নাম মন্টু মন্ডল। এছাড়াও এই ঘটনায় এক মহিলা সহ উভয় পক্ষের আটজন জখম হয়। এই ঘটনার পর তাদের রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে পৌঁছায়। ইতিমধ্যে ওই এলাকায় জমি বিবাদের ঘটনায় মূল অভিযুক্ত সহ দুজনকে আটক করেছে বাদুড়িয়া থানার পুলিশ। তবে এই ঘটনার পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।






