রাজ্যের খবর

বিজেপি নেতার নিশানায় দলের বাঁকুড়ার বিধায়ক

Bankura MLA targeted by BJP leader

Truth Of Bengal : বাঁকুড়া জেলায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। এবার বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন দলেরই এক মণ্ডল কনভেনার। অভিযোগ বন্যাত্রাণের জন্য আসা ত্রিপল নিজের বাড়িতেই রেখে দেন বিধায়ক। প্রকৃত দুর্গত কাউকে সেই ত্রিপল দেওয়া হয়নি। অভিযোগ, বিধায়ক নিজের কিছু পছন্দের লোককে পাইয়ে দেন ত্রাণের ত্রিপল। এছাড়াও  বিধায়ক তহবিলের টাকায় কেনা বিভিন্ন জামা কাপড় ও ত্রাণ সামগ্রীর কোন হিসাব নেই। দলের কর্মী সমর্থকদের কথা না ভেবে নিজের স্বার্থে চলেছেন বিধায়ক। এমন অভিযোগ করে দলের মণ্ডল কনভেনার বিকাশ ঘোষ পদত্যাগ করেন। বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।

এই নিয়ে বাঁকুড়া জেলা রাজনীতিতে পদ্ম শিবিরের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে এসে দাঁড়াল।  বাঁকুড়া চার নম্বর মণ্ডলের কনভেনার অভিযোগ করে বলেন বিধায়ক নিজের ইচ্ছে খুশি মতো চলছে। দলের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ বছর ধরে। কোন মিটিং ডাকলে বিধায়ক দলের অন্যান্য নেতৃত্বকে বারণ করে দেন যেন না আসেন। বিধায়কের সঙ্গে তাল মেলাতে পারিনি বলে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। যারা দীর্ঘদিনের বিজেপি কর্মী সমর্থক তারা ব্রাত্য হয়ে পড়েছেন বিধায়কের কাছে। সেই কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন।

এছাড়াও বাঁকুড়া জেলার অন্যান্য ব্লকেও বিজেপির গোষ্ঠী কোন্দল চরম আকার নিয়েছে। এই নিয়ে দলের পুরনো নেতাকর্মীদের সঙ্গে নবাগতদের বিরোধ তৈরি হয়েছে।  অভিযোগ উঠে এসেছে দলের নেতৃত্বের একাংশের ক্ষমতা প্রয়োগের কারণে পুরনো কর্মীরা কাজের সুযোগ পাচ্ছেন না। নানাভাবে কোণঠাসা করে রাখা হচ্ছে বলে অভিযোগ। বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপিতে কোন সুস্থ সাংস্কৃতিক সম্পন্ন মানুষ থাকতে পারেন না।

Related Articles