বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জের! যুবতীকে অপহরণ ও মারধরের অভিযোগ
Young woman accused of kidnapping and beating after marriage proposal rejected

Truth Of Bengal: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ পড়ুয়া যুবতীকে কলেজের সামনে থেকে অপহরণের অভিযোগ। স্কুটি করে অপহরণ করে নিয়ে তাঁকে অ্যাসিড মারার হুমকি সহ বেধড়ক মারধরের অভিযোগও উঠল তিন যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, যুবতীকে তুলে নিয়ে গিয়ে গৌরদহ চার্চ সংলগ্ন মাঠে ফেলে মারধর করা হয়। তারপর সন্ধ্যায়, বাড়ির সামনে গিয়ে ফেলে আসা হয় তাঁকে। তাঁর শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে।
জানা যাচ্ছে, ওই যুবতী চম্পাহাটি সুশীলকর কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি বেলেগাছি পঞ্চায়েতের রামকৃষ্ণ পল্লী এলাকায়। রাতেই যুবতীর পরিবারের লোকজন তাকে জখম অবস্থায় উদ্ধার করে। তাকে ভর্তি করানো হয় বারুইপুর মহকুমা হাসপাতালে।
গোটা ঘটনায় বারুইপুর থানায় অভিযুক্ত যুবক শ্বাশত বৈদ্য সহ আরো তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরে স্বাভাবিকভাবেই আতঙ্কে ওই যুবতী সহ তাঁর পরিবার। যুবতীর অভিযোগ, কলেজে পরবর্তীকালে পরীক্ষা দিতে গেলে তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরেই হুমকি দিত যুবতীকে। এমনকি, রাস্তায় পর্যন্ত উত্ত্যক্ত করত তাঁকে।
এদিনও, কলেজে যাওয়ার সময় যুবতীকে ফলো করছিল অভিযুক্ত। গোটা ঘটনায় মায়ের প্রশ্ন, “আমার মেয়ে কী তবে কলেজে যেতে পারবে না? রাস্তায় বেরোতে পারবে না? অভিযুক্তকে দ্রুত ধরুক পুলিশ।“ জানা গিয়েছে, তিনবছর ধরে অভিযুক্তের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবতীর। পুলিশের অনুমান, সম্প্রতি অভিযুক্তের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই ঘটনাটি ঘটেছে।






