রাজ্যের খবর

চম্পাহাটিতে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ! যানজটমুক্তির লক্ষ্যে রাস্তায় প্রশাসন

Strict action to evict hawkers in Champahati! Administration on the streets to ease traffic congestion

Truth Of Bengal: চম্পাহাটি: লোকেশ হালদার: চম্পাহাটিতে যানজটমুক্ত রাস্তায় চলাচল নিশ্চিত করতে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে হকার উচ্ছেদের কাজ। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি সাউথ গাড়িয়া বটতলা থেকে চম্পাহাটি রেলগেট পর্যন্ত এলাকার দুই ধারে যত্রতত্রভাবে বেআইনিভাবে বসে থাকা হকারদের দোকান ঘিরেই সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট।

দিনের পর দিন রাস্তায় স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল, যার জেরে নিত্যদিন দুর্ভোগে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। অভিযোগের ভিত্তিতে ও রাস্তাঘাট পরিষ্কার রাখার লক্ষ্যেই প্রশাসন আজ অভিযান চালায়।

অভিযানে চম্পাহাটি এলাকায় ফুটপাথ দখল করে থাকা দোকানপাট সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে, যাতে উচ্ছেদ অভিযান চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও জনপথগুলোকে দখলমুক্ত রাখা হবে নিয়মিতভাবে।

স্থানীয় মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, এর ফলে স্বাভাবিকভাবে রাস্তায় চলাচল অনেকটাই সহজ হবে এবং যানজট সমস্যারও স্থায়ী সমাধান মিলবে।

Related Articles