আম্বেদকর অবমাননার প্রতিবাদে সরব তৃণমূল, বাংলার প্রতিটি ব্লক ও পুরসভাতে প্রতিবাদ মিছিল
Trinamool loudly protests against the insult to Ambedkar, protest marches in every block and municipality of Bengal

Truth of Bengal: অমিত শাহের আম্বেদকর অবমাননার প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। সংসদের ভিতরে-বাইরে আন্দোলন গড়ে তুলতে চায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নয়া আন্দোলনের কথা ঘোষণা করেছেন। তাঁর স্পষ্ট বার্তা, সংবিধানবিরোধী বিজেপি বারংবার মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনে চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিতবিরোধী মুখোশ খুলে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন।
এটা কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটা আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত। দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুব্রত বক্সির পক্ষ থেকে এই প্রতিবাদ আন্দোলনে নামার কথা ঘোষণা করেছেন।
সংবিধান প্রণেতাও বরেণ্য ব্যক্তিত্বকে অপমান করার বিরুদ্ধে গণ-আন্দোলনে সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দিল্লিতেও বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হন তৃণমূলের সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকার সমালোচনা করেন।






