বর্ধমানের সদরঘাট ব্রিজে লরির চাকায় পিষ্ট হয়েছে মা ও সন্তান
Truth Of Bengal: বর্ধমানের সদরঘাট ব্রিজের ওপর মা ও তার আট মাসের সন্তান দুর্ঘটনায় মারা যান। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কৃষক সেতুতে। তবে প্রাণে বেঁচে গেলেন শিশুর বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা পূর্ব বর্ধমানের খন্ডঘোষের কাপসিট গ্রামের বাসিন্দা। আরো জানা গিয়েছে, কন্যা সন্তানকে নিয়ে ওই মহিলা তার স্বামীর সঙ্গে বর্ধমানে ডাক্তার দেখাতে এসেছিলেন। তারা মোটরবাইকে চড়ে ফিরছিলেন সেখান থেকে। ফেরার পথে কৃষক সেতুর ওপরে তেলবাহী ট্যাংকার এর সঙ্গে ধাক্কা লাগে মোটরবাইকের। রাস্তার ওপরে ছিটকে পড়ে মহিলা এবং তার আট মাসের সন্তান। তারপর লরির চাকা ওই মহিলার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়ায় এলাকায়।
তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মা এবং কন্যা সন্তানকে নিয়ে আসে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘাতক তেল ট্যাংকারটিকে আটক করেছে পুলিশ। রাতে মর্মান্তিক দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় বর্ধমান ও আরামবাগের রাস্তায়। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।






