নদিয়ায় প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, আহত দুই নেতা
BJP factional conflict comes to light in Nadia, two leaders injured

Truth Of Bengal: নদিয়ায় ফের প্রকাশ্যে উঠে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনার জেরে আহত হয়েছে দুই বিজেপি নেতা। এক নেতার কপাল ফেটেছে, আর অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুই পক্ষের তরফ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। রবিবার রাতে নদিয়ার কল্যাণীর শ্যামাপ্রসাদ ভবন বিজেপির পার্টি অফিসের সামনে এই ঘটনাটি ঘটেছে।
বিজেপির পার্টি অফিসের সামনে চলছে কালী পুজো। সেখানেই বসে ছিলেন এসসি মোর্চার রাজ্য কমিটির সদস্য শ্রীনিবাস মণ্ডল। অভিযোগ, সেই সময় কল্যাণী গয়েশপুরের বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল দলবল নিয়ে এসে হামলা চালায় শ্রীনিবাসের ওপর। চেয়ার, টেবিল দিয়ে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। এমনকি চেয়ার দিয়ে শ্রীনিবাসের মাথা ফাটিয়ে দেওয়া হয়। আহত অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিত্সা করানো হয় শ্রীনিবাস মণ্ডলকে।
এই ঘটনায় কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শ্রীনিবাস মন্ডল। অন্যদিকে কল্যাণী মন্ডল -২ এর যুব সভাপতি মধুসূদন দাস কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন। তাকে মারধর করার অভিযোগ ওঠে শ্রীনিবাস মণ্ডলের বিরুদ্ধে।






