ভোট মিটতেই দাপট কালবৈশাখীর! আজ দিনভর ভারী বৃষ্টির সতর্কতা এই জেলাগুলোতে
উত্তরে অতি ভারী বৃষ্টির ভ্রুকুটি! আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে দুর্যোগের মেঘ, ৪ মে পর্যন্ত জারি থাকবে সতর্কতা
Truth of Bengal: ২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার হাইভোল্টেজ লড়াই শেষ হতেই ভোলবদল প্রকৃতির। তীব্র দহনজ্বালা থেকে মুক্তি দিয়ে বৃহস্পতিবার সকালেই মেঘলা আকাশে ঢাকল দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যজুড়ে দুর্যোগের মেঘ ঘনাবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।
কলকাতায় রেকর্ড পারদ পতন
গতকালের বৃষ্টিতে এক ধাক্কায় শহরের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে। বুধবার সন্ধে থেকে মাঝরাত পর্যন্ত কলকাতায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার জেরে রাতের তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২০.৪ ডিগ্রিতে। আজ দিনভর তিলোত্তমায় কয়েক দফা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
৭ জেলায় কালবৈশাখীর লাল সতর্কতা
নদিয়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান এবং বীরভূমে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দুই মেদিনীপুর ও বর্ধমানে শিলাবৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে।
উত্তরবঙ্গে দুর্যোগের ঘনঘটা
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে আজ থেকে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুর জানিয়েছে, আগামী ৪ মে অর্থাৎ ভোট গণনার আগের দিন পর্যন্ত রাজ্যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। প্যাচপ্যাচে গরমের ছুটি হলেও, ঝোড়ো হাওয়ার জেরে ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।






