রাতের অন্ধকারে অটোয় ইভিএম! প্রবল বৃষ্টির মধ্যেই কুলতলীতে বিক্ষোভ বিজেপির
প্রবল বৃষ্টির মধ্যে নেই কোনও পুলিশ! কুলতলীতে অটো বোঝাই ইভিএম ঘিরে চরম উত্তেজনা
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: কুলতলী এলাকায় রাতের অন্ধকারে অটোয় করে ইভিএম (EVM) নিয়ে যাওয়াকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড বেঁধে গেল। প্রবল বৃষ্টির মধ্যে কোনও নিরাপত্তা ছাড়াই ইভিএম পরিবহনের এই ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চল।
কুলতলীতে মধ্যরাতে ইভিএম বিভ্রাট
বুধবার দ্বিতীয় দফার ভোট মিটতেই গভীর রাতে কুলতলীতে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। দেখা যায়, একটি সাধারণ অটো রিকশায় করে ইভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই স্পর্শকাতর মেশিনগুলি নিয়ে যাওয়ার সময় কোনও পুলিশি নিরাপত্তা বা প্রশাসনিক আধিকারিক সঙ্গে ছিলেন না। এই খবর চাউর হতেই বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা দাবি করেন, তৃণমূলের মদতে ভোট লুট বা ইভিএম বদলানোর উদ্দেশ্যেই এভাবে নিয়ম ভেঙে মেশিনগুলি সরানো হচ্ছিল।
ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ
বিজেপি কর্মীরা ওই অটোটি ঘিরে ফেলে দীর্ঘ দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। বৃষ্টির তোয়াক্কা না করেই চলে স্লোগান। উত্তপ্ত পরিস্থিতিতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। বিজেপি নেতৃত্বের স্পষ্ট অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই শাসকদল এই সাহস দেখাচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি। শেষপর্যন্ত প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিজেদের হেফাজতে ইভিএমগুলি নিয়ে যান।





