WB Over ‘SIR Panic’: ভয়াবহ SIR আতঙ্ক, গুজবের জেরে চরম অবসাদে গলায় দড়ি দিলেন ৯৫ বছরের বৃদ্ধ
দীর্ঘদিন ধরে মেয়ের বাড়িতেই থাকছিলেন ক্ষিতিসবাবু। কিন্তু তাঁর পরিবার অভিযোগ করেছে, সম্প্রতি তিনি তীব্র মানসিক উদ্বেগে ভুগছিলেন।
সৌতিক চক্রবর্তী: পশ্চিম মেদিনীপুরের কোতালি থানার কোরা পাড়া গ্রামের বাসিন্দা ৯৫ বছর বয়সী ক্ষিতিস মজুমদার ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লীতে মেয়ের বাড়িতে এসে মর্মান্তিকভাবে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি নিজের গলায় দড়ি দেন। পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি এলাকায় ছড়িয়ে পড়া ‘এসআইআর (SIR) আতঙ্ক’ই তাঁর প্রাণ কেড়ে নিয়েছে। দীর্ঘদিন ধরে মেয়ের বাড়িতেই থাকছিলেন ক্ষিতিসবাবু। কিন্তু তাঁর পরিবার অভিযোগ করেছে, সম্প্রতি তিনি তীব্র মানসিক উদ্বেগে ভুগছিলেন। পরিবারের সদস্যদের বক্তব্য, তিনি বারবার বলতেন, “২০০২ সালের ভোটার তালিকায় যদি আমার নাম না থাকে, তবে কি আবার বাংলাদেশে ফিরে যেতে হবে?” এই গুজব এবং আতঙ্কই তাঁকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল।
জানা গেছে, প্রায় তিন দশক আগে ক্ষিতিস মজুমদার এবং তাঁর পরিবার পশ্চিমবঙ্গে এসে মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভোটার তালিকায় তাঁর নাম ছিল এবং তিনি নিয়মিত ভোটও দিয়েছেন। কিন্তু সম্প্রতি স্থানীয় মহলে একটি ভুল ধারণা ছড়িয়ে পড়ে যে, “২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।” বৃদ্ধ এই গুজবে আতঙ্কিত হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চরম আতঙ্ক এবং মানসিক চাপ সহ্য করতে না পেরেই ক্ষিতিস মজুমদার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনায় গোটা পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন— “একটি ভুল ধারণা, একটি আতঙ্ক—কেড়ে নিল এক নিরীহ বৃদ্ধের প্রাণ।” এই ঘটনা সমাজের মধ্যে ছড়িয়ে পড়া গুজবের ভয়াবহ প্রভাবকে তুলে ধরল।






