Giant Turtle Rescued: রূপনারায়ণ নদ থেকে উদ্ধার বৃহৎ আকৃতির কচ্ছপ! চলছে চিকিৎসা
Truth of Bengal: পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের বাড় অমৃতবেড়িয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশাল আকৃতির কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা নদী তীরের কাছে বিশালাকার এই কচ্ছপটিকে পড়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে ভিড় জমান। পরে বিষয়টি স্থানীয় হলদিয়া বন বিভাগকে জানানো হলে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর দেখা যায় কচ্ছপটি বেশ অসুস্থ এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা অবিলম্বে পশু চিকিৎসকদের খবর দেন। চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটির চিকিৎসা শুরু করেছেন। বন বিভাগের প্রাথমিক অনুমান, নদী থেকে ডাঙার দিকে উঠে আসার সময় কোনো পাথরের সঙ্গে ধাক্কা লেগে বা অন্য কোনো কারণে কচ্ছপটি গুরুতর আঘাত পেয়েছে। উদ্ধার হওয়া এই কচ্ছপটির ওজন প্রায় ৪৭ থেকে ৫০ কেজির মতো। এই বিপুল ওজনের বিরল দর্শনের প্রাণীটিকে দেখতে এলাকায় সাধারণ মানুষের ঢল নামে। তবে প্রাণীটির সুরক্ষার কথা মাথায় রেখে বনকর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
বন বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। বনকর্তারা জানিয়েছেন, যদি ভবিষ্যতে কোনো এলাকায় এই ধরণের বিরল বন্যপ্রাণী বা জলজ প্রাণী আহত বা বিপদগ্রস্ত অবস্থায় দেখা যায়, তবে যেন আইন নিজের হাতে না তুলে নিয়ে অবিলম্বে বন বিভাগকে খবর দেওয়া হয়। আহত কচ্ছপটির চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সেটিকে পুনরায় নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে।






