১ জুন থেকে আর লাগবে না ভাড়া, সরকারি বাসে এই কার্ড দেখালেই কেল্লাফতে মহিলাদের
এসি থেকে দূরপাল্লা, সব সরকারি বাস এবার মহিলাদের জন্য ফ্রি! নবান্নের মেগা গাইডলাইনে আর কী কী নিয়ম?
Truth Of Bengal: নির্বাচনী ইস্তাহারে দেওয়া অন্যতম বড় প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছে রাজ্যের নতুন ডবল ইঞ্জিন সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত স্তরের মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন।” এই পরিষেবা সুচারুভাবে পরিচালনা করতে পরিবহণ দফতরের তরফে একটি ডিটেল প্রজেক্ট রিপোর্ট (DPR) ও গাইডলাইন তৈরি করা হচ্ছে।
কী এই পিংক কার্ড ও কীভাবে মিলবে জিরো টিকিট?
নবান্ন সূত্রে খবর, এই ফ্রি যাতায়াতের জন্য উপভোক্তা মহিলাদের একটি বিশেষ ‘পিংক কার্ড’ বা গোলাপি কার্ড দেওয়া হবে। বাসে উঠে কন্ডাক্টরকে এই কার্ড দেখালেই তিনি মহিলাদের জন্য একটি ‘শূন্য’ (০) টাকার অফিশিয়াল টিকিট ইস্যু করবেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই কার্ডগুলি স্থানীয় পুরসভা, বিডিও (BDO) এবং এসডিও (SDO) অফিস থেকে বণ্টন করা হতে পারে।
কার্ড না থাকলে কী করণীয়?
তবে কার্ড তৈরি হয়ে সাধারণ মানুষের হাতে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। তাই নবান্ন স্পষ্ট করে দিয়েছে যে, যতদিন না পর্যন্ত মহিলারা এই পিংক কার্ড হাতে পাচ্ছেন, ততদিন ভোটার কার্ড, আধার কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ব্যাংকের পাসবুক বা একশো দিনের কাজের (MGNREGA) আইডি, যে কোনও একটি বৈধ ফটো আইডেন্টিটি কার্ড সঙ্গে রাখলেই চলবে। এই আইডি কার্ড দেখে কন্ডাক্টর যদি বুঝতে পারেন যে ওই মহিলা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা, তবেই তাঁকে বিনামূল্যে ভ্রমণের অনুমতি দেওয়া হবে। বাসে যাতে কোনও উপভোক্তার সঙ্গে কন্ডাক্টরের বাদানুবাদ না হয়, তার জন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
রোজ চড়বেন ৫ লক্ষেরও বেশি মহিলা!
পরিবহণ দফতরের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে কলকাতা শহরে প্রতিদিন প্রায় ১ লক্ষ ৮০ হাজার এবং সমগ্র রাজ্য মিলিয়ে প্রায় ৪ লক্ষ মহিলা সরকারি বাসে যাতায়াত করেন। এই ফ্রি পরিষেবা চালু হলে দৈনিক মহিলা যাত্রীর সংখ্যা আরও ১ লক্ষ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে অতিরিক্ত ভিড় সামাল দিতে পরিকাঠামো উন্নয়নের কাজও শুরু করে দিয়েছে নতুন সরকার।






