রাজ্যের খবর

গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ ২! আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এ চিকিৎসাধীন

দু'জনেই গুলিতে জখম হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা।

Truth Of Bengal: হাওড়ায় গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান। জখম তাঁর সঙ্গীও। বৃহস্পতিবার রাতে হাওড়ার বালির নিশ্চিন্দায় বুড়ো শিবতলার কাছে ওই ঘটনা ঘটে। সাঁপুইপাড়া-বসুকাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল ও তাঁর এক সঙ্গী অনুপম রানা যখন এক অনুষ্ঠান থেকে ফিরছিলেন তখনই তাঁদের ওপর অতর্কিতে ওই গুলি চালানোর হয় বলে অভিযোগ। দু’জনেই গুলিতে জখম হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। হাওড়ার আইএলএস-এ ভর্তি তাঁরা। খবর পেয়েই হাসপাতালে পৌঁছন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। হাসপাতালে আসেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুড়ের যুব সভাপতি নুরাজ মোল্লা, হাওড়া সদরের যুব সভাপতি কৈলাস মিশ্র। পরে পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে এসএসকেএমএ স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাসু চৌধুরী নামে এক স্থানীয় দুষ্কৃতী বৃহস্পতিবার রাতে তাঁর ওপর গুলি চালায়। দুটিগুলি এখনও শরীরের ভেতর আছে। অবস্থা সঙ্কটজনক।

হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ অন্যান্য পুলিশ কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপমের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন এলাকার ওই পঞ্চায়েত প্রধান। তখনই অন্য একটি মোটরবাইকে দু’জন এসে খুব কাছ থেকে পঞ্চায়েত প্রধান দেবব্রতকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর কোমর ও কাঁধে গুলি লাগে। অনুপম বাধা দিতে গেলে তাঁকেও গুলি করে দ্রুত চম্পট দেয় অভিযুক্তরা। এরা দুজনেই গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, কেন এই ঘটনা বোঝা যাচ্ছে না। দুস্কৃতীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে বলেছি।

Related Articles