সার্ভারে সমস্যার জেরে SIR-এর কাজ নিয়ে চাপ! মৃত্যু আরও এক BLO-র
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
Truth Of Bengal: খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা প্রাথমিক বিদ্যালয়ের কর্মী জাকির হোসেন হক ১৪ নম্বর বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই সার্ভারজনিত সমস্যা ও কাজের চাপে তিনি মানসিকভাবে উদ্বিগ্ন ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে পরিবারসহ সমগ্র গ্রামে শোকের ছায়া।
শুক্রবার সকালে খবর পেয়ে মৃতের বাড়িতে যান খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত। তিনি জানান, জাকিরের ওপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হয়েছিল এবং সার্ভার সমস্যার কারণে ফর্ম আপলোডে বারবার বিঘ্ন ঘটছিল। এর মধ্যেই নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য প্রশাসনিক চাপ বাড়ছিল বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতি থেকেই মানসিক চাপ বেড়ে যাওয়াই মৃত্যুর অন্যতম কারণ হতে পারে বলে মত বিধায়কের।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়েছে। বিএলওদের মধ্যে কাজের চাপ এবং সার্ভার সমস্যাকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে বলে জানা গেছে।






