TMC Leader Killed: জাতীয় সড়কে স্করপিওর ধাক্কা, মৃত্যু তৃণমূলের শিক্ষা কর্মাধ্যক্ষের! তদন্তে পুলিশ।
সোমবার গভীর রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া ভবানীপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
Truth of Bengal: জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুত গতিতে আসা একটি স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক স্থানীয় তৃণমূল নেতার। নিহত ব্যক্তি হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা (৪৫)। সোমবার গভীর রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া ভবানীপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা এবং শোকের ছায়া নেমে এসেছে (TMC Leader Killed)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা, যিনি পেশায় আইনজীবীও ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি শেখর সাহা এবং স্থানীয় তৃণমূল নেতা শশাঙ্ক সাহা। গুরুতর আহত শেখর সাহা বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে এবং শশাঙ্ক সাহা রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অপর দুই আহত, মনোজ কুমার দাস ও পুলক সাহা, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (TMC Leader Killed)।
নিহত নরেন্দ্রনাথ সাহার পরিবার এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। পরিবারের পক্ষ থেকে এটিকে ‘চক্রান্ত করে খুন’ বলে অভিযোগ করা হয়েছে। নরেন্দ্রনাথ সাহার স্ত্রী সরাসরি স্থানীয় বাসিন্দা বিপদ মণ্ডলের দিকে অভিযোগের তীর ছুড়েছেন। তাঁর দাবি, দুর্ঘটনা ঘটানোর সময় ওই বিপদ মণ্ডল নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। জানা গেছে, অভিযুক্তের সঙ্গে শিক্ষাকর্তা নরেন্দ্রনাথ সাহার পুরোনো মামলা সংক্রান্ত বিবাদ ছিল। এদিকে, পুলিশ ঘাতক স্করপিও গাড়িটি আটক করেছে এবং অভিযুক্ত বিপদ মণ্ডল হরিশ্চন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার নরেন্দ্রনাথ সাহার দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল চলছে এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে (TMC Leader Killed)।






